৫ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক সমাচার ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটো নিয়ে কড়া অবস্থান নিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালী ইস্যুতে ইউরোপীয় দেশগুলো সহযোগিতা না করলে যুক্তরাষ্ট্র এই জোট থেকে সরে যাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
এক সাক্ষাৎকারে তিনি ন্যাটোকে “কাগুজে বাঘ” বলে উল্লেখ করেন। বহুদিন ধরেই এই জোট নিয়ে তাঁর সমালোচনা থাকলেও সাম্প্রতিক বক্তব্যে তা আরও তীব্র হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের সংবিধানে আন্তর্জাতিক চুক্তি করার নিয়ম থাকলেও চুক্তি থেকে বের হওয়ার বিষয়ে স্পষ্ট নির্দেশনা নেই। অন্যদিকে, ন্যাটোর নিয়ম অনুযায়ী, কোনো সদস্য দেশ চাইলে এক বছর আগে জানিয়ে জোট ছাড়তে পারে।
তবে যুক্তরাষ্ট্রে ২০২৩ সালে পাস হওয়া এক আইনে বলা হয়েছে—সিনেটের দুই-তৃতীয়াংশ সমর্থন ছাড়া কোনো প্রেসিডেন্ট ন্যাটো থেকে দেশকে সরাতে পারবেন না। এই বিধানটি ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্টের অংশ।
তবুও বিষয়টি নিয়ে আইনি বিতর্ক রয়েছে। কারণ, আগের কিছু মতামতে বলা হয়েছে—আন্তর্জাতিক চুক্তি থেকে বের হওয়ার ক্ষমতা প্রেসিডেন্টের হাতে থাকতে পারে। ফলে বিষয়টি আদালতে গেলে চূড়ান্ত সিদ্ধান্ত সেখানেই হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, আইনের চেয়েও গুরুত্বপূর্ণ হলো যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অবস্থান। যদি নেতৃত্ব ন্যাটোর প্রতি আগ্রহ হারায়, তাহলে বাস্তবে জোটে থাকা কঠিন হয়ে পড়তে পারে।
সূত্র : দ্য টেলিগ্রাফ
..