৪ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক সমাচার ডেস্ক : ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালি খুলতে সামরিক পদক্ষেপের অনুমোদন চেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাব ভেটো দিয়ে আটকা পড়েছে। রাশিয়া, চীন ও ফ্রান্স এই প্রস্তাবে বিরোধিতা জানিয়েছে।
বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির মাধ্যমে প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহন হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরান প্রণালির নিয়ন্ত্রণ গ্রহণ করে। ইরানের সামরিক বাহিনী জানাচ্ছে, প্রণালিটি এখন তাদের দৃঢ় নিয়ন্ত্রণে রয়েছে এবং শত্রুদের জন্য এটি বন্ধ থাকবে।
এই অবরোধের ফলে গত এক মাসে পারস্য উপসাগরে অন্তত ২,১৯০টি বাণিজ্যিক জাহাজ আটকা পড়েছে, যার মধ্যে ৩২০টির বেশি তেল ও গ্যাসবাহী ট্যাংকার। ফলে উপসাগরীয় দেশগুলোর রপ্তানি ব্যাহত হওয়ার পাশাপাশি বিশ্ববাজারে জ্বালানি সংকট তীব্র হয়েছে।
বাহরাইন জাতিসংঘের মাধ্যমে হরমুজ প্রণালি খুলতে সামরিক বলপ্রয়োগের অনুমতি চেয়ে প্রস্তাব উত্থাপন করেছিল। তবে ভেটো ক্ষমতাধর তিন দেশ—রাশিয়া, চীন ও ফ্রান্স—এর বিরোধিতায় প্রস্তাবটি পাস হয়নি।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, সামরিক উদ্যোগ ‘অবাস্তব’ এবং এটি বাস্তবায়নে দীর্ঘ সময় লাগবে, পাশাপাশি নৌ চলাচলে ঝুঁকি বৃদ্ধি পাবে। তিনি বলেন, এই সংকটের সমাধান কেবল ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে সম্ভব, এবং ইউরোপীয় ও মিত্র দেশগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করে অবাধ নৌ চলাচল নিশ্চিত করা হবে।
সূত্র : রয়টার্স
..