বিরোধ মীমাংসার দিনে প্রাণ গেল যুবকের: রাজাপুরে কুপিয়ে হত্যার অভিযোগ

বিরোধ মীমাংসার দিনে প্রাণ গেল যুবকের: রাজাপুরে কুপিয়ে হত্যার অভিযোগ
ঝালকাঠিতে মিলন (২৫) হত্যা, পুলিশ তদন্ত করছে/ছবিঃ মুহাম্মাদ আরিফুর রহমান রণি

৪ এপ্রিল ২০২৬

মুহাম্মাদ আরিফুর রহমান রণি-ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে মিলন (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠেছে তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

শনিবার দুপুরে উপজেলার বড়ইয়া ইউনিয়নের পশ্চিম আদাখোলা ঈদগাহ মসজিদ এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মিলন ওই এলাকার তৈয়ব আলী হাওলাদারের ছেলে।​স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মিলনের সঙ্গে তার স্ত্রী রোজিনা বেগম এবং শ্বশুরবাড়ির সদস্যদের বিরোধ চলছিল। স্থানীয়ভাবে এই বিরোধ মীমাংসার কথা ছিল শনিবার।

এদিন দুপুরে মিলন একটি দাওয়াতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে পশ্চিম আদাখোলা ঈদগাহ মসজিদ এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

​পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মিলনকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
​নিহতের পরিবারের দাবি, শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। তবে অভিযুক্ত স্ত্রী রোজিনা বেগম অভিযোগ অস্বীকার করে দাবি করেন, মিলনের সঙ্গে অনেকের শত্রুতা ছিল, তার পরিবারের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত নয়।

​রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. খালিদ হোসেন জানান, হাসপাতালে আনার আগেই মিলনের মৃত্যু হয়েছে। তার শরীরে ১০-১২টি ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে। মূলত অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

​রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করা হয়েছে। কারা এই হত্যাকাণ্ডে জড়িত তা উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::