৪ এপ্রিল ২০২৬
মুহাম্মাদ আরিফুর রহমান রণি - ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে সড়ক নির্মাণকাজের জন্য মজুদ রাখা ৩৬ ব্যারেল বিটুমিন চুরির ঘটনা ঘটেছে। কানুদাসকাঠি টেকনিক্যাল কলেজ সংলগ্ন এলাকায় ঘটা এই চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে চুরি হওয়া মালামালের সন্ধান দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ক্ষতিগ্রস্ত পক্ষ।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, রাজাপুরে চলমান সড়ক উন্নয়ন কাজের জন্য কানুদাসকাঠি টেকনিক্যাল কলেজের পাশে বিটুমিনের ব্যারেলগুলো সারিবদ্ধভাবে মজুদ করে রাখা হয়েছিল।
সম্প্রতি রাতের আঁধারে দুর্বৃত্তরা সেখান থেকে ৩৬ ব্যারেল বিটুমিন কৌশলে সরিয়ে নিয়ে যায়। সকালে বিষয়টি সংশ্লিষ্টদের নজরে এলে তারা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু এখন পর্যন্ত বিটুমিনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
বর্তমান বাজারে বিটুমিনের উচ্চমূল্য থাকায় এই চুরির ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট পক্ষ। দ্রুত মালামাল উদ্ধারের আশায় ক্ষতিগ্রস্ত পক্ষ ঘোষণা করেছে, যদি কোনো ব্যক্তি এই ৩৬ ব্যারেল বিটুমিনের সঠিক সন্ধান দিতে পারেন, তবে তাকে নগদ এক লাখ টাকা পুরস্কার প্রদান করা হবে। এক্ষেত্রে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।
রাজাপুর থানার একটি সূত্র জানায়, বিটুমিন চুরির বিষয়টি তারা অবগত হয়েছেন। ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং এই চক্রের সাথে কারা জড়িত তা শনাক্ত করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
..