আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি অংশগ্রহণ না করে তাহলেও নির্বাচন হয়ে যাবে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সরকারি সমন্বিত অফিসের হলরুমে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এইকথা বলেন।
তিনি বলেন, ‘২০১৩ সালে বিএনপি জামায়াত জ্বালাও পোড়াও করে তারা মানুষ হত্যা করেছে। বিএনপির রোড মার্চ যদি শান্তিপূর্ণ ভাবে করে তাহলে আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের কোন বাঁধা দেওয়া হবে। যদি তারা রোড মার্চের আড়ালে নাশকতা সৃষ্টি করে মানুষ হত্যার করার চেষ্টা করে তাহলে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে।’
শাজাহান খান বলেন, ‘দেশে সংবিধান অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করার আহবান জানাই। যদি তারা অংশগ্রহণ নাও করে তবুও নির্বাচন হয়ে যাবে।
মাদারীপুর জেলা আনসার কমাডেন্ট মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশিদ খান, সিভিল সার্জন মুনীর আহমেদ খান, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকিরসহ আরো অনেকেই।