মান্দায় চক ভালাইন পীরপাল ওয়াকফ এস্টেট এর আলোচনা সভা ও দোয়া মাহফিল

মান্দায় চক ভালাইন পীরপাল ওয়াকফ এস্টেট এর আলোচনা সভা ও দোয়া মাহফিল
চক ভালাইন পীরপাল ওয়াকফ এস্টেটে উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের দৃশ্য/ছবি : মাহবুবুজ্জামান সেতু

৯ এপ্রিল ২০২৬

মাহবুবুজ্জামান সেতু-নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মান্দায় চক ভালাইন পীরপাল ওয়াকফ এস্টেটের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার ভালাইন ইউনিয়নের চকভালাইন এলাকায় এস্টেট পরিচালনা কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত প্রায় দুই হাজার মানুষের মাঝে ঐতিহ্যবাহী ‘আলু ঘাটি’ ও ভাত পরিবেশন করা হয়।

এস্টেট পরিচালনা কমিটির সভাপতি ছাদেক আলী মন্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মোতাওয়াল্লী আব্দুল গাফফার সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক ও সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই ওয়াকফ এস্টেটের অধীনে মোট ৪ একর ৩৯ শতক জমি রয়েছে। এসব জমি লিজ দিয়ে প্রাপ্ত আয় স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে ব্যয় করা হয়। বিশেষ করে গ্রামের অসহায় পরিবারগুলোতে টিউবওয়েল স্থাপন, অসুস্থদের চিকিৎসা সহায়তা, গরিব মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার খরচ এবং দুস্থ পরিবারের মেয়েদের বিয়ের খরচ এই তহবিল থেকেই জোগান দেওয়া হয়।

এছাড়া এলাকার মসজিদ ও মাদ্রাসার উন্নয়নেও বড় একটি অংশ ব্যয় করা হয়।
এস্টেটের মোতাওয়াল্লী আব্দুল গাফফার বলেন, “ওয়াকফ এস্টেটের জমি থেকে যে আয় হয়, তা সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে আমানত হিসেবে দেখা হয়। আমাদের মূল লক্ষ্য হলো এই সম্পদ কাজে লাগিয়ে এলাকার কোনো মানুষ যেন চিকিৎসা বা অর্থাভাবে পিছিয়ে না থাকে।”

সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক বলেন, “এটি কেবল একটি ভূ-সম্পত্তি নয়, এটি স্থানীয় আর্তমানবতার সেবার একটি বড় উৎস। আমরা চেষ্টা করি গরিব-দুঃখীদের পাশে দাঁড়িয়ে তাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে।”

আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে এক বিশাল গণভোজের আয়োজন করা হয়। যেখানে আগত দেড় থেকে দুই হাজার মানুষকে বরেন্দ্র অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার ‘আলু ঘাটি’ ও ভাত দিয়ে আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় বাসিন্দারা এস্টেটের এই ধরনের নিয়মিত সামাজিক ও ধর্মীয় কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এসময় দোয়া পরিচালনা করেন, পাঘা বছির উদ্দীন ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ক্বারী মো. মসলিম মন্ডল।

..

Leave a reply

Minimum length: 20 characters ::