ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীতের পরিকল্পনা, চলছে সম্ভাব্যতা যাচাই

ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীতের পরিকল্পনা, চলছে সম্ভাব্যতা যাচাই
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ১০ লেন এবং পদুয়াবাজারে আন্ডারপাসের পরিকল্পনা চলছে-সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম/ছবিঃ সংগৃহীত

৫ এপ্রিল ২০২৬

সমাচার রিপোর্ট : ঢাকা–চট্টগ্রাম মহাসড়ককে ১০ লেনে উন্নীত করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার, এ জন্য বর্তমানে সম্ভাব্যতা যাচাই কার্যক্রম চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মন্ত্রী জানান, মহাসড়কের উন্নয়ন এবং পদুয়াবাজার এলাকায় যানজট নিরসনে বেশ কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। বিদ্যমান বাজেট সমন্বয়ের মাধ্যমে ওই এলাকার ওভারপাস সম্প্রসারণের নকশা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই কাজ শুরু করে সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এছাড়া, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ককে ১০ লেনে উন্নীত করার প্রকল্পের সম্ভাব্যতা যাচাই চলমান রয়েছে। এই পরিকল্পনার আওতায় পদুয়াবাজার এলাকায় নতুন করে একাধিক আন্ডারপাস নির্মাণের বিষয়ও বিবেচনায় রয়েছে। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, সেখানে মোট পাঁচটি আন্ডারপাস নির্মাণ করা হতে পারে, যা যান চলাচলকে আরও স্বাভাবিক করবে।

মন্ত্রী আরও বলেন, প্রকল্পটির বিস্তারিত নকশা প্রণয়নের কাজ দ্রুত এগিয়ে চলছে। এরপর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) উপস্থাপনের মাধ্যমে বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করা হবে।

তিনি উল্লেখ করেন, আগের সরকারের সময়ে নেওয়া প্রকল্পে প্রয়োজনীয় সংশোধন আনা হচ্ছে, তবে এর সীমাবদ্ধতা রয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরেজমিনে পরিদর্শনে পাঠানো হয়েছে।

সরকার দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি আনতে কাজ করছে বলেও জানান মন্ত্রী।

..

Leave a reply

Minimum length: 20 characters ::