কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড

কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড

মুহাম্মাদ আরিফুর রহমান রণি – ঝালকাঠি প্রতিনিধি :  ​ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বুধবার (০৪ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলার মৃত আবুল হোসেন সিকদারের ছেলে মোহাম্মদ আসাদুজ্জামান পারভেজের বসতঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাশের আরও দুটি ঘরে আঘাত হানে। আগুনে আসাদুজ্জামান পারভেজের ঘরসহ মোট তিনটি কাঠ ও টিনশেডের ঘর সম্পূর্ণ পুড়ে যায়। ভুক্তভোগী পরিবারগুলো জানায়, মুহূর্তের এই আগুনে ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র, মূল্যবান মালামাল ও নগদ অর্থসহ সব শেষ হয়ে গেছে। তাদের দাবি, ক্ষতির পরিমাণ আনুমানিক ৬১০লাখ টাকা।

​খবর পেয়ে কাঠালিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে আগুন আরও ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়। অগ্নিকাণ্ডের সময় কাঠালিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।

​প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

..

Leave a reply

Minimum length: 20 characters ::