গাজীপুর-৩-এ ৬১ হাজারে ঐতিহাসিক জয়: ৪৭ বছরের দেয়াল ভেঙে সংসদে ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু

গাজীপুর-৩-এ ৬১ হাজারে ঐতিহাসিক জয়: ৪৭ বছরের দেয়াল ভেঙে সংসদে ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু

কল্পনা খানম,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: রাজনীতির ইতিহাসে কিছু দিন কেবল ফলাফলের দিন নয়—তা হয়ে ওঠে দীর্ঘ প্রতীক্ষা ও বঞ্চনার জবাব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তেমন এক অধ্যায়ের সাক্ষী হলো গাজীপুর-৩। বিএনপির প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু ৬১ হাজার ৯০৪ ভোটের ব্যবধানে জয়ী হয়ে নতুন ইতিহাস গড়েছেন। স্বাধীনতার পর এই প্রথম শ্রীপুরের মাটি থেকে উঠে আসা কোনো প্রার্থী ধানের শীষ প্রতীকে সংসদে যাচ্ছেন।

সন্ধ্যা পেরিয়ে গভীর রাত পর্যন্ত উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় ছিল মানুষের অপেক্ষা। চায়ের দোকান থেকে পারিবারিক আড্ডা—সবার মুখে এক প্রশ্ন, “এবার কি আমাদেরই একজন?” অবশেষে ফল ঘোষণার সঙ্গে সঙ্গে শুরু হয় উচ্ছ্বাস।

শ্রীপুর উপজেলার একটি পৌরসভা, আটটি ইউনিয়ন ও গাজীপুর সদরের তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসন দীর্ঘদিন ধরেই ছিল রাজনৈতিক প্রত্যাশার কেন্দ্রবিন্দু। অতীতে ধানের শীষ প্রতীকে প্রার্থী হলেও তারা ছিলেন বহিরাগত। স্থানীয় নেতাকর্মীদের দীর্ঘ আন্দোলন-সংগ্রাম সত্ত্বেও প্রতিনিধিত্ব ছিল অন্যের হাতে। এবারের ফল সেই অসম্পূর্ণতার অবসান ঘটিয়েছে বলে মনে করছেন অনেকে।

দলের একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকলেও ডা. বাচ্চুর নাম ঘোষণার পর দৃশ্যপট বদলে যায়। প্রকাশ্য বিরোধিতার বদলে তৈরি হয় ঐক্যের বার্তা। স্থানীয়দের ভাষায়, “এবার লড়াই ছিল নিজেদের মানুষকে জেতানোর।”

চার দশকের রাজনৈতিক জীবনে ছাত্রদল থেকে শুরু করে পেশাজীবী সংগঠন ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এ নেতৃত্ব দিয়েছেন তিনি। রাজনৈতিক দুঃসময়ে গ্রেপ্তার, মামলা ও কারাবাস তার জীবনের অংশ হয়েছে। পাশাপাশি চিকিৎসক হিসেবে মানবিক উপস্থিতি—বিশেষত করোনাকালে ব্যক্তিগত সহায়তা—ভোটারদের মনে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে এলাকাবাসীর ধারণা।

বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. বাচ্চু বলেন, “এই বিজয় কোনো ব্যক্তি বা পদ-পদবীর নয়; এটি মানুষের বিশ্বাসের জয়। আমার প্রতি যে আস্থা রেখেছে জনগণ ও দল, তা রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব।” তিনি আরও বলেন, “আমি প্রতিটি সিদ্ধান্ত নেব মানুষের কল্যাণের কথা মাথায় রেখে।”

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ১৮০টি ভোটকেন্দ্রে পাঁচ লাখ ২৩ হাজার ২২২ ভোটের মধ্যে ধানের শীষ প্রতীকে ডা. বাচ্চু পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা এহসানুল হক পেয়েছেন ৯৯ হাজার ৩৫৪ ভোট।

স্থানীয় বিশ্লেষকদের মতে, এই ফলাফল গাজীপুর-৩-এর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। ৪৭ বছরের ইতিহাসে প্রথমবার শ্রীপুরের মাটিতে জন্ম নেওয়া একজনের সংসদে যাত্রা কেবল সাংগঠনিক সাফল্য নয়—এটি আত্মপরিচয়ের পুনরুদ্ধারও বটে।

এখন নজর প্রতিশ্রুতির বাস্তবায়নে। কারণ বিজয় ইতিহাস রচনা করে, কিন্তু দায়িত্বশীল নেতৃত্ব সেই ইতিহাসকে স্থায়ী করে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::