৭ এপ্রিল ২০২৬
শাহীন রেজা টিটু – ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার হাওরবেষ্টিত নাসিরনগর উপজেলায় হরিণবের থেকে ফান্দাউক পর্যন্ত ১,৮০০ মিটার সড়ক নির্মাণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে। প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে নেওয়া এই প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যে শেষ না হলেও ঠিকাদার প্রতিষ্ঠান অধিকাংশ বিল উত্তোলন করেছে বলে অভিযোগ রয়েছে।
জানা যায়, ২০২৩-২০২৪ অর্থবছরে সড়কটির নির্মাণকাজ সম্পন্ন করার কথা থাকলেও কয়েক দফা সময় বাড়িয়েও তিন বছর পার হলেও কাজ শেষ হয়নি। অভিযোগ অনুযায়ী, ঠিকাদার প্রতিষ্ঠান মাত্র ৩০-৪০ শতাংশ কাজ সম্পন্ন করে প্রায় ৯০ শতাংশ বিল তুলে নিয়েছে। প্রকল্পে যেখানে আনুমানিক ৩ কোটি ৮০ লাখ টাকার কাজ হয়েছে, সেখানে ৭ কোটি ২১ লাখ টাকা বিল উত্তোলন করা হয়েছে। অর্থাৎ কাজের তুলনায় প্রায় ৩ কোটি ৪১ লাখ টাকা অতিরিক্ত উত্তোলনের অভিযোগ উঠেছে।
এদিকে, কাজ অসমাপ্ত থাকায় ভোগান্তিতে পড়েছে উপজেলার অন্তত তিনটি ইউনিয়নের কয়েক লাখ মানুষ। দীর্ঘদিন ধরে সড়কটি ব্যবহারের অনুপযোগী থাকায় স্থানীয়দের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
স্থানীয় বাসিন্দা রহমত আলী অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঠিকাদার খাইরুল হাসান সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে যোগসাজশে অতিরিক্ত বিল উত্তোলন করেছেন। কাজের বিষয়ে কথা বললে ঠিকাদারের লোকজন হুমকি-ধমকি দেয় বলেও তিনি জানান।
এ বিষয়ে ঠিকাদার খাইরুল হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে প্রকল্পের তদারকি দায়িত্বে থাকা আরিফ হোসেন বলেন, দ্রুত কাজ পুনরায় শুরু করা হবে।
নাসিরনগর উপজেলা প্রকৌশলী আব্দুল মোমিন বলেন, “আমি নতুন দায়িত্ব নিয়েছি। বিষয়টি খতিয়ে দেখতে হবে। অতিরিক্ত বিল পূর্ববর্তী দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের সময়েই দেওয়া হয়েছে।”
এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইব্রাহীম খলিল জানান, “ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার জন্য চাপ দেওয়া হবে। আশা করছি, এক মাসের মধ্যে কাজ সম্পন্ন করা যাবে।”
স্থানীয়দের দাবি, দ্রুত সড়ক নির্মাণকাজ শেষ করে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।
..