১০ হাজারের বেশি ফিলিস্তিনি বন্দির জন্য মৃত্যুদণ্ডের বিধান—ইসরায়েল সংসদে পাস বিতর্কিত আইন

১০ হাজারের বেশি ফিলিস্তিনি বন্দির জন্য মৃত্যুদণ্ডের বিধান—ইসরায়েল সংসদে পাস বিতর্কিত আইন
৬২-৪৮ ভোটে আইনটি পাস হয়েছে/ছবিঃ আনাদোলু এজেন্সি

৩১ মার্চ ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনিদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান এনে নতুন আইন পাস করেছে ইসরায়েল। দেশটির পার্লামেন্টে অনুমোদিত এই আইনে প্রাণঘাতী হামলার দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকরের সুযোগ রাখা হয়েছে, যা নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

নতুন বিধান অনুযায়ী, হামলার ঘটনায় দোষী প্রমাণিত ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। বিশেষ করে অধিকৃত পশ্চিম তীর অঞ্চলের সামরিক আদালত এই ধরনের মামলার বিচার করবে।

রায়ে মৃত্যুদণ্ড হলে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই তা কার্যকর করার বিধান রাখা হয়েছে। এছাড়া দণ্ডপ্রাপ্তদের আলাদা কারাগারে রাখা, সীমিত সাক্ষাৎ এবং আইনজীবীদের সঙ্গে যোগাযোগে বিধিনিষেধ আরোপের কথাও উল্লেখ রয়েছে।

আইনটির পক্ষে অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এছাড়া জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির এটিকে “দীর্ঘদিনের প্রত্যাশিত পদক্ষেপ” হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, সহিংস হামলার জবাবে কঠোর শাস্তি নিশ্চিত করাই এই আইনের লক্ষ্য।

আইনটি নিয়ে উদ্বেগ জানিয়েছে বিভিন্ন ইউরোপীয় দেশ, মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘ। সমালোচকদের দাবি, এই আইন বৈষম্যমূলক এবং আন্তর্জাতিক মানবাধিকার নীতির পরিপন্থী।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই আইনকে ফিলিস্তিনিদের ওপর চাপ সৃষ্টির একটি উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন।অন্যদিকে মার্কিন কংগ্রেস সদস্য রাশিদা তালিব একে ফিলিস্তিনিদের বিরুদ্ধে কঠোর দমননীতির অংশ বলে সমালোচনা করেছেন।

এমনকি ইসরায়েলের ভেতরেও কিছু মানবাধিকার সংগঠন এই আইনের বিরোধিতা করে আদালতে চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে।যদিও সমালোচনা অব্যাহত রয়েছে, তবুও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র এ বিষয়ে সমর্থন জানিয়েছে বলে জানা গেছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

..

Leave a reply

Minimum length: 20 characters ::