১৪ মার্চ, ২০২৬
মুহাম্মাদ আরিফুর রহমান রণি-ঝালকাঠি প্রতিনিধি : আমার মাতৃত্বের সুখ শেষ হয়ে গেল। প্রসব ব্যথা তো ব্যথাই না, এই ব্যথা আমি কেমনে সইব?’ ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় মেহেরিমা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যুতে এভাবেই বিলাপ করছিলেন তার মা।
সন্তানের নিথর দেহ বুকে জড়িয়ে মায়ের এমন আর্তনাদে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। পাশেই নির্বাক বসে ছিলেন শোকস্তব্ধ পিতা ইমতিয়াজ আহমেদ।
আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঝালকাঠির রাজাপুর উপজেলার ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশু মেহরিমার মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির বাবা ইমতিয়াজ আহমেদ ও মা আহত হয়েছেন।
জানা গেছে, ইমতিয়াজ আহমেদ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার হিসেবে বর্তমানে মোংলার কোস্টগার্ড কার্যালয়ে কর্মরত। পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে তিনি সপরিবারে নিজের প্রাইভেটকার চালিয়ে মোংলা থেকে ভোলার গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে রাজাপুর এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে সড়ক ও জনপথ বিভাগের একটি দিকনির্দেশনা সাইনবোর্ড ভেঙে খাদে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে গাড়ির ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু মেহেরিমাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার বিষয়টি বরিশাল নৌবাহিনী কার্যালয়কে অবহিত করা হয়েছে। নৌবাহিনীর একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
..