ব্রাহ্মণবাড়ীয়া-সরাইলে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, মাইক্রোবাস জব্দ

ব্রাহ্মণবাড়ীয়া-সরাইলে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, মাইক্রোবাস জব্দ

শাহীন রেজা টিটু  (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ১০৮ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।সোমবার (২ মার্চ) ভোররাত প্রায় ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, সিলেট রিজিয়নের হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. রেজাউল করিমের নির্দেশনায় এবং সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এসআই শহিদুল্লাহ ও সঙ্গীয় ফোর্স সেখানে বিশেষ চেকপোস্ট বসান।

এসময় আশুগঞ্জগামী একটি সন্দেহভাজন মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১১-৫৮৩৮) থামার সংকেত দেওয়া হলে চালক দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করলে চালক গাড়িটি ফেলে রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে পরিত্যক্ত মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১০৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে দৈনিক সমাচারকে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পলাতক চালক ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে

উল্লেখ্য, খাঁটিহাতা হাইওয়ে থানা প্রতিষ্ঠার পর থেকে পরিচালিত মাদকবিরোধী অভিযানের মধ্যে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় ও সফল অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে। মহাসড়ককে মাদকমুক্ত রাখতে পুলিশের এমন কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

..

Leave a reply

Minimum length: 20 characters ::