ঢাকা: শুধু বাজেট বাড়ানো নয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সক্ষমতা বাড়ানোর দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ। করোনা ভ্যাকসিন নিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক রাজনীতির শিকার বলেও তিনি মন্তব্য করেন। রোববার (৬ জুন) জাতীয় সংসদ অধিবেশনে চলতি ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপির এই সংসদ সদস্য।তিনি বলেন, বিশাল বাজেট দেওয়া হয়েছে কিন্তু বৈদেশিক ঋণ নির্ভর। এত বেশি বৈদেশিক ঋণ বিগত ৫০ বছরে করা হয়নি।হারুনুর রশিদ আরও বলেন, ঈদের সময় মানুষ ভিড় করে অতিরিক্ত ভাড়া দিয়ে বাড়ি গেলো। এতে সংক্রমণের ঝুঁকি আরও বেড়ে গেলো। এগুলো সরকারের ব্যর্থতা। এর দায় সরকারের নিতে হবে। আমি উদ্বিগ্ন, রাজশাহীতে আশঙ্কাজনভাবে করোনা সংক্রমণ হচ্ছে। সেখানকার আমের ব্যবসা ক্ষগিগ্রস্ত হচ্ছে। স্থলবন্দরগুলোতে ভালোভাবে ব্যবস্থা নেওয়া হয়নি। ভারত থেকে ট্রাক এসেছে, চালকরা এসেছে। করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে।তিনি বলেন, মানুষ ভ্যাকসিন কবে পাবে? সেই সময় রাশিয়া, চীন এসেছিলো। কিন্তু আমরা করোনার ভ্যাকসিনের ট্রায়াল দিতে দেইনি। ট্রায়াল দিতে দিলে এখন আমরা টিকা পেতাম। আমরা ভ্যাকসিন নিয়ে আন্তর্জাতিক রাজনীতির শিকার। যে কারণে ভ্যাকসিন নিয়ে চীনের সঙ্গে কথা হলেও ভ্যাকসিন পাব কিনা তা অনিশ্চিত। বিএনপির এই সংসদ সদস্য আরও বলেন, করোনা মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে অতিরিক্ত কত বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে সেটা জানাতে হবে। শুধু বরাদ্দ নয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সক্ষমতা বাড়াতে হবে। সংসদ সদস্যদের নিয়ে পরামর্শ করে এ কাজ করতে হবে। অধিকাংশ মন্ত্রণালয় বাজেটের বরাদ্দ অর্থ ব্যয় করতে পারেনি।