ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি আখাউড়া থেকে গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি আখাউড়া থেকে গ্রেফতার

শাহীন রেজা টিটু – (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিজয়নগরে স্ত্রী হত্যা মামলার প্রধান পলাতক আসামি অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে। দীর্ঘদিন ধরেই আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়ানো স্বামী ফয়সাল মিয়া (২৫) কে অভিযান চালিয়ে আখাউড়া উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজয়নগর থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত ফয়সাল মিয়া বিজয়নগর উপজেলার ছতরপুর গ্রামের বজলুর রহমানের ছেলে। নিহত রাবিয়া আক্তার (২২) একই উপজেলার ইগলতলী গ্রামের শহিদুল হক ভূঁইয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যৌতুকের টাকার দাবিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল।
অভিযোগ রয়েছে, সেই কলহের জের ধরেই গত ১৯ নভেম্বর ২০২৫ তারিখে নির্মমভাবে স্ত্রী রাবিয়াকে হত্যা করে ফয়সাল মিয়া। হত্যার পর অপরাধ আড়াল করতে নিজ বাড়ির বিল্ডিংয়ের পাশেই লাশ গোপনে পুঁতে রাখার চেষ্টা করা হয়।

ঘটনার খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের মা ফাতেমা বেগম বাদী হয়ে বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা হয়, যার মামলা নম্বর ৪৫, তারিখ ২৫ নভেম্বর ২০২৫।
মামলা দায়েরের পর থেকেই ফয়সাল মিয়া আত্মগোপনে চলে যায় এবং দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়ায়। তবে শেষ পর্যন্ত আইনের জাল এড়াতে পারেনি সে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দুর্গাপুর রেললাইনের পূর্ব পাশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এ বিষয়ে বিজয়নগর থানার তদন্ত কর্মকর্তা রাজীব চন্দ্র সরকার দৈনিক সমাচারকে বলেন, “স্ত্রী হত্যা মামলার এই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
স্থানীয়দের দাবি, যৌতুকের মতো বর্বর প্রথা আর পারিবারিক সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান না নিলে এ ধরনের নৃশংস ঘটনা থামানো কঠিন হবে। আইন যেন দ্রুত বিচার নিশ্চিত করে—এটাই এখন সবার প্রত্যাশা।

..

Leave a reply

Minimum length: 20 characters ::