ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযান: হত্যা চেষ্টা মামলার আসামি ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযান: হত্যা চেষ্টা মামলার আসামি ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

আনাছুল হক – (কক্সবাজার) ঈদগাঁও প্রতিনিধি কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে হত্যা চেষ্টা মামলার এক এজাহারভুক্ত আসামি গ্রেফতার এবং ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার ৪ মার্চ রাতে ঈদগাঁও ও মহেশখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ৪ মার্চ রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে ঈদগাঁও থানার একটি আভিযানিক দল ইসলামাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড খোদাইবাড়ী এলাকায় চট্টগ্রাম কক্সবাজার প্রধান সড়কের পূর্ব পাশে মেসার্স রাসেদ ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায়। এ সময় মোস্তাক স্পোর্টস জোনের পাশের মীর আলমাস স্টোরের দোকানের ভেতর থেকে ৬০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক ব্যক্তি কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মাইজপাড়া এলাকার মীর আহমদের ছেলে আব্দুল মালেক ৪৫। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের মোট ওজন প্রায় ৬০ গ্রাম বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে ঈদগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ ১ সারণির ১০ ক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে একই দিন রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে মহেশখালী থানার পানিছড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যা চেষ্টা মামলার এক এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করে ঈদগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ এলাকার সুলতান আহমদের ছেলে মো. জুনাইদ ২৩।

পুলিশ জানায়, গত ১৯ ফেব্রুয়ারি আবু তাহের ৬০ নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যার উদ্দেশ্যে জখম করার ঘটনায় ঈদগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি জুনাইদ ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার বলেন, অপরাধী যে-ই হোক তাকে আইনের আওতায় আনা হবে। অপরাধের সঙ্গে জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::