১৩ এপ্রিল ২০২৬
মুহাম্মাদ আরিফুর রহমান রণি-নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশীর্ণতাকে ঝেড়ে ফেলে নতুনের আহবানে জেগে উঠেছে বরিশাল। বাঙালির হাজার বছরের লোকজ ঐতিহ্য আর শেকড়ের সন্ধানে ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বরিশালের শিল্পীরা। রঙ-তুলির আঁচড় আর বাঁশ-কাগজের কাটাকুটিতে নতুন রূপ পাচ্ছে বরিশাল চারুকলা প্রাঙ্গণ।
প্রতিবছরের মতো এবারও পহেলা বৈশাখের প্রধান আকর্ষণ বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। রোববার (১২ এপ্রিল) দুপুরে বরিশাল চারুকলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, দিনরাত এক করে কাজ করছেন শিক্ষার্থী ও শিল্পীরা। চারুকলা সূত্রে জানা গেছে, এবারের শোভাযাত্রার সম্মুখভাগে স্থান পাবে বিশাল আকৃতির টিয়া পাখি এবং গ্রামীণ ঐতিহ্যের নানা বৈচিত্র্যময় মুখোশ।
উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থী রনি জানান, “পহেলা বৈশাখ আমাদের কাছে কেবল একটি উৎসব নয়, এটি আমাদের আত্মপরিচয় ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। একে সফল করতে আমরা প্রতি বছরই সর্বোচ্চ শ্রম দিয়ে প্রস্তুতি নেই।”
ঐতিহ্যের মেলবন্ধন চারুকলা বরিশালের সমন্বয়ক সুশান্ত ঘোষ বলেন, “বাঙালির এই উৎসবের মূলে রয়েছে ফসলের ঘ্রাণ। প্রাচীনকাল থেকে নতুন বছরকে বরণ করার যে প্রথা ছিল, আজ তা সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।” তিনি আরও জানান, এবারের শোভাযাত্রায় লোকজ ঐতিহ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হচ্ছে।
শোভাযাত্রার রুট ও বার্তা বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভঙ্কর চক্রবর্তী জানান, আগামী ১৪ এপ্রিল সকালে বরিশাল বিএম স্কুল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হবে। তিনি বলেন, “শোভাযাত্রার মাধ্যমে আমরা সমাজের সর্বস্তরে ঐক্য, সম্প্রীতি ও গণতন্ত্রের শক্তিশালী বার্তা পৌঁছে দিতে চাই।”
এদিকে বরিশাল ব্রজমোহন (বিএম) স্কুল মাঠে উদীচী শিল্পী-গোষ্ঠীর আয়োজনে শুরু হচ্ছে তিনদিনব্যাপী বৈশাখী মেলা। ইতোমধ্যে মেলার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মেলায় প্রায় ৭০টি স্টল স্থান পাচ্ছে। উদীচী শিল্পী-গোষ্ঠীর জেলা সংসদের সদস্য আবুল খায়ের সবুজ জানান, গত ৪৪ বছর ধরে তারা এই মেলার আয়োজন করে আসছেন। পহেলা বৈশাখের সকালে প্রভাতি অনুষ্ঠানের পর গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হবে।
অনুষ্ঠান শেষে চারুকলা বরিশালের ব্যানারে একটি আনন্দ শোভাযাত্রা বিএম স্কুল থেকে শুরু হয়ে নগরীর সদর রোডে গিয়ে শেষ হবে। মেলা ও উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শুধু চারুকলা বা উদীচী নয়, বরিশালের ৩৫টি সাংস্কৃতিক সংগঠন এখন বাংলা নববর্ষ বরণে উৎসবমুখর কর্মব্যস্ততায় দিন পার করছে। পুরো নগরী যেন এখন বৈশাখী আবহে সেজে ওঠার অপেক্ষায়।
..