শাহজাদপুরে ফসলি জমি থেকে গলাকাটা কিশোরের মরদেহ উদ্ধার

শাহজাদপুরে ফসলি জমি থেকে গলাকাটা কিশোরের মরদেহ উদ্ধার
শাহজাদপুরে ফসলি জমি থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার/ছবিঃ মিলন ইসলাম

১১ এপ্রিল ২০২৬

মিলন ইসলাম-সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ফসলি জমি থেকে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চড়া চিতুলিয়া এলাকায় একটি ঘাস ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে কৃষকরা মাঠে কাজ করতে গেলে ঘাস ক্ষেতের মাঝখানে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি তারা স্থানীয় থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়দের দাবি, নিহত কিশোরের গলায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে এবং মুখমণ্ডলেও আঘাতের চিহ্ন দেখা গেছে। তবে এখনো পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের বয়স আনুমানিক ১২ থেকে ১৫ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।এদিকে মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড় জমে যায়।

শাহজাদপুর থানার পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::