ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই আকাশে ‘ডুমসডে প্লেন’, ভয়ঙ্কর যুদ্ধের ইঙ্গিত!

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই আকাশে ‘ডুমসডে প্লেন’, ভয়ঙ্কর যুদ্ধের ইঙ্গিত!

সমাচার ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই মার্কিন আকাশে উড়তে দেখা গেছে রহস্যময় ও শক্তিশালী ‘ডুমসডে প্লেন’ বা প্রলয়ঙ্করী বিমান।

সোমবার (৬ এপ্রিল) নেব্রাস্কার একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটির আকাশে বোয়িং ই-৪বি নাইটওয়াচ বিমানটিকে চক্কর দিতে দেখা যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দেওয়া শান্তিচুক্তির সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে এই বিমানের উড্ডয়নকে ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বিমানটি অফুট বিমান বাহিনী ঘাঁটি থেকে উড্ডয়ন করে আশপাশের এলাকায় অন্তত ছয়বার চক্কর দিয়ে আবার অবতরণ করে।

মূলত পারমাণবিক যুদ্ধের মতো চরম পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারের কার্যক্রম সচল রাখতে এই বিশেষ বিমানটি তৈরি করা হয়েছে। ‘উড়ন্ত পেন্টাগন’ হিসেবে পরিচিত এই প্লেন জরুরি অবস্থায় প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রী এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের জন্য পূর্ণাঙ্গ আকাশভিত্তিক কমান্ড সেন্টার হিসেবে কাজ করে।

বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং তার প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় সম্মত হওয়ার জন্য মঙ্গলবার (৭ এপ্রিল) পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। নির্ধারিত সময়সীমা না মানলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, একটি পুরো দেশ এক রাতেই নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এই বিশেষ বিমানের উপস্থিতিকে মার্কিন সামরিক প্রস্তুতির অংশ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

প্রযুক্তিগত দিক থেকে ‘নাইটওয়াচ’ বিমানটি অত্যন্ত শক্তিশালী। এটি পারমাণবিক বিস্ফোরণ, সাইবার আক্রমণ এবং ইলেক্ট্রোম্যাগনেটিক পালস মোকাবিলায় সক্ষম। বিমানটিতে রয়েছে তিনটি ডেক, ১৮টি বাঙ্ক, কনফারেন্স রুম ও কমান্ড রুম। এছাড়া এর ওপর স্থাপিত ৬৭টি স্যাটেলাইট ডিশ ও অ্যান্টেনার মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখা সম্ভব।

যুক্তরাষ্ট্রের কাছে এমন চারটি বিশেষ বিমান রয়েছে, যা সারা বছরই নিয়মিত মহড়া দিয়ে থাকে। তবে ইরানের সঙ্গে যুদ্ধের আশঙ্কার প্রেক্ষাপটে এবারের উড্ডয়ন বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

সূত্র: নিউ ইয়র্ক পোস্ট

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::