০৬ এপ্রিল ২০২৬
মুহাম্মাদ আরিফুর রহমান রণি-ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি শহরের শ্মশানঘাট এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ থেকে ১২টি বসতঘর ভস্মীভূত হয়েছে। সোমবার দুপুরে সংঘটিত এই অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ক্ষতিগ্রস্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ৩টার দিকে শ্মশানঘাট এলাকার একটি বসতঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় আকাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এবং আশপাশের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়।

খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দমকল কর্মীদের সাথে স্থানীয় বাসিন্দারাও কাঁধে কাঁধ মিলিয়ে আগুন নেভানোর লড়াইয়ে অংশ নেন। দীর্ঘ দুই ঘণ্টার প্রাণপণ চেষ্টার পর বিকেল ৫টার দিকে আগুন আংশিক নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় অন্তত এক ডজন পরিবারের স্বপ্ন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা কান্নায় ভেঙে পড়ে জানান, পরনের কাপড় ছাড়া তারা কিছুই রক্ষা করতে পারেননি। ঘরের আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকা পরিবারগুলো এখন নিঃস্ব হয়ে পড়েছেন।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক ধারণা অনুযায়ী বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এবং ভুক্তভোগীদের সহায়তার আশ্বাস দিয়েছেন।
..