২ এপ্রিল ২০২৬
সমাচার ডেস্ক : জনপ্রশাসন মন্ত্রণালয় সম্প্রতি একটি অনলাইন নিউজে প্রকাশিত “ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠাবে জনপ্রশাসন মন্ত্রণালয়” শীর্ষক সংবাদটি অসত্য ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেন বৃহস্পতিবার (২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, প্রশিক্ষণটি সচিবদের জন্য নয়। এটি সরকারের মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের আন্তর্জাতিক মানের সক্ষমতা ও কূটনৈতিক দক্ষতা বৃদ্ধির জন্য আয়োজন করা একটি প্রকল্পের অংশ।
প্রশিক্ষণের মূল তিনটি কোর্স:
গভর্ন্যান্স, ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ও পাবলিক প্রকিউরমেন্ট (GFMPP)
নেগোসিয়েশন স্কিলস ও ইংলিশ প্রফিসিয়েন্সি (NSEP)
পলিসি ফরম্যুলেশন: ই-গভর্ন্যান্স ও আইসিটি (PF:EGICT)
প্রশিক্ষণ জাপান সরকারের DRGASF তহবিল থেকে অর্থায়ন করা হবে, যা বাংলাদেশের বাজেট থেকে খরচ হবে না।
সংবাদে যেসব স্থান উল্লেখ করা হয়েছিল, যেমন ‘পাতায়া’, তা প্রকৃতপক্ষে নিশ্চিত নয়। বর্তমানে প্রশিক্ষণের গন্তব্য হিসেবে এশিয়ার কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় বিবেচনা করা হচ্ছে। মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি এখনও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদনের জন্য প্রেরণ করা হয়নি।
মন্ত্রণালয় সতর্ক করেছে, অবিবেচিত ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ বিয়াম ফাউন্ডেশন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য অনাকাঙ্খিত এবং বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
..