হবিগঞ্জে ট্রেন লাইনচ্যুত: ঝুঁকি নিয়ে বালতি ভরে তেল সংগ্রহ করছে স্থানীয়রা

হবিগঞ্জে ট্রেন লাইনচ্যুত: ঝুঁকি নিয়ে বালতি ভরে তেল সংগ্রহ করছে স্থানীয়রা
হবিগঞ্জে লাইনচ্যুত ট্রেন থেকে ছড়িয়ে পড়া তেল বালতিতে ভরছেন স্থানীয়রা\ছবিঃ ইত্তেফাক

১ এপ্রিল ২০২৬

সমাচার ডেস্ক : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে বড় ধরনের দুর্ঘটনার সৃষ্টি করেছে। বুধবার (১ এপ্রিল) রাত প্রায় ৯টার দিকে মনতলা রেল স্টেশনের পাশের এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টগ্রাম থেকে সিলেটগামী ট্রেনটি স্টেশনের নিকটবর্তী এলাকায় পৌঁছালে হঠাৎ বিকট শব্দে অন্তত ছয়টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে যায়। দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত ট্যাংকার থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল বের হয়ে আশপাশের কৃষিজমি, সড়ক ও খালে ছড়িয়ে পড়ে।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তেল সংগ্রহে ঘটনাস্থলে ভিড় জমায়। নারী, পুরুষ ও শিশুসহ অনেকেই বিভিন্ন পাত্র নিয়ে ঝুঁকি নিয়ে তেল সংগ্রহ করতে দেখা যায়। কিছু লোককে সরাসরি বগি খুলে তেল বের করার চেষ্টাও করতে দেখা গেছে।

এদিকে দাহ্য পদার্থ হওয়ায় পুরো এলাকায় অগ্নিকাণ্ডের আশঙ্কা তৈরি হয়েছে। পরিবেশ বিশেষজ্ঞদের মতে, এই তেল ছড়িয়ে পড়ায় কৃষিজমি ও জলাশয়ের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে এবং উদ্ধারকারী ট্রেন পৌঁছানোর পর উদ্ধার কাজ শুরু হবে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এলাকা নিরাপদ করতে কাজ করছে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::