যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত
এফ-৩৫ ফাইটার জেট/ছবিঃ সংগৃহীত

১ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তির একটি এফ-৩৫ যুদ্ধবিমান প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সময় বিকেলে নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে মার্কিন বিমানবাহিনী নিশ্চিত করেছে।

বিমানটি নেভাদার ইন্ডিয়ান স্প্রিংস থেকে প্রায় ২৫ মাইল উত্তর-পূর্বে অবস্থিত নেভাদা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জের সংরক্ষিত এলাকায় বিধ্বস্ত হয়। তবে দুর্ঘটনার আগে পাইলট সফলভাবে নিজেকে বের করে আনতে সক্ষম হন।

নেলিস বিমানঘাঁটির জনসংযোগ বিভাগ জানিয়েছে, পাইলট বর্তমানে নিরাপদ আছেন। সামান্য আঘাত পাওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনাটি একটি নিয়ন্ত্রিত সামরিক আকাশসীমা ও ফেডারেল সম্পত্তির ভেতরে ঘটেছে। ফলে কোনো জনবসতি বা বেসামরিক স্থাপনার ক্ষয়ক্ষতি হয়নি।

নেলিস বিমানঘাঁটির এক মুখপাত্র বলেন, কর্মীদের নিরাপত্তা এবং স্থানীয় জনগণের সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার। এ ঘটনায় জনবহুল এলাকায় কোনো প্রভাব পড়েনি।

তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, এফ-৩৫ বিশ্বের অন্যতম আধুনিক ও ব্যয়বহুল যুদ্ধবিমান হিসেবে পরিচিত। এর প্রতিটির মূল্য প্রায় ৮০ থেকে ১২০ মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে।

সূত্র : ফক্স নিউজ

..

Leave a reply

Minimum length: 20 characters ::