৩১ মার্চ ২০২৬
সমাচার ডেস্ক : জাতীয় সংসদে আবেগঘন বক্তব্যে সংবিধানের প্রতি সম্মান বজায় রেখে “জুলাই চেতনা” বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, “সংবিধানকে ছুঁড়ে ফেলে নয়, বরং প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।”
বুধবার সংসদে দেওয়া বক্তব্যে তিনি বিরোধী দলসহ সকল পক্ষকে জাতীয় ঐক্যের ভিত্তিতে আলোচনার মাধ্যমে সমাধানের পথে এগিয়ে আসার আহ্বান জানান প্রক্রিয়া নিয়েই আপত্তি, ‘জুলাই সনদ’ নিয়ে নয় ।
আন্দালিব রহমান পার্থ স্পষ্ট করে বলেন, তাদের দলের ‘জুলাই সনদ’ বাস্তবায়নে কোনো আপত্তি নেই, তবে আপত্তি রয়েছে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে।
তিনি প্রশ্ন তোলেন, “কোন প্রক্রিয়ায় এই পরিবর্তন আনা হচ্ছে? সংবিধান সংস্কার পরিষদের আইনি ভিত্তি কোথায়?”
তার মতে, সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে প্রচলিত সাংবিধানিক পদ্ধতি অনুসরণ করা উচিত এবং সব পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছানো জরুরি।
“বিপ্লব হলে সংবিধান নতুন করে লেখা যেত”
বক্তব্যে তিনি বলেন, যদি সত্যিকারের বিপ্লব ঘটত, তাহলে একটি ট্রানজিশনাল রেভোলিউশনারি সরকার গঠন করে নতুন সংবিধান প্রণয়ন করা যেত।
কিন্তু বর্তমান পরিস্থিতিতে পুরোনো সংবিধান রেখে সেটিকেই বাতিল করার চেষ্টা “অসঙ্গত ও অনন্য” বলে মন্তব্য করেন তিনি।
গণভোট নিয়েও প্রশ্ন
গণভোটের প্রক্রিয়া নিয়েও সমালোচনা করেন এই সংসদ সদস্য।
তিনি বলেন, ব্যালটে একাধিক প্রস্তাব একসঙ্গে দেওয়ায় ভোটারদের স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ সীমিত হয়েছে। “একজন ভোটার যদি একটি প্রস্তাবে অসম্মত হন, তাহলে তিনি কীভাবে ভোট দেবেন—এর কোনো স্পষ্ট উত্তর নেই,” বলেন তিনি।
জাতীয় ঐক্যের ওপর জোর
বক্তব্যের একাধিক স্থানে তিনি জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, “আমরা সবাই মিলে সংগ্রাম করেছি। কারো অবদান কম নয়। তাই বিভাজন নয়, ঐক্যের মাধ্যমেই সামনে এগোতে হবে।”
এ সময় আন্দোলনে শহীদদের স্মরণ করে তিনি বলেন, “একজন দুই গুলিতে, আরেকজন এক গুলিতে—কিন্তু সবাই জীবন দিয়েছেন। এই ত্যাগকে সম্মান করতে হবে।”
রাজনীতিতে ইতিবাচক মনোভাবের আহ্বান
আন্দালিব রহমান পার্থ রাজনৈতিক দলগুলোকে “পজিটিভ পলিটিক্স” করার আহ্বান জানান।
তিনি বলেন, “সংবিধানকেও সম্মান করতে হবে, একইসঙ্গে জুলাইয়ের চেতনাকেও ধারণ করতে হবে। এই দুইয়ের মধ্যে ভারসাম্য তৈরি করাই আমাদের দায়িত্ব।”
বক্তব্যের শেষে তিনি সতর্ক করে বলেন, “কেউ যদি জুলাইয়ের চেতনার বিরুদ্ধে অবস্থান নেয়, আমরা তার বিরুদ্ধেই দাঁড়াবো। তবে প্রক্রিয়া কী হবে, সেটি চাপিয়ে দেওয়া যাবে না—আলোচনার মাধ্যমেই সমাধান খুঁজতে হবে।”
..