দীর্ঘ জটের অবসান: এপিডি অনুবিভাগে অতিরিক্ত সচিব হলেন আকনুর রহমান

দীর্ঘ জটের অবসান: এপিডি অনুবিভাগে অতিরিক্ত সচিব হলেন আকনুর রহমান
নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগে দায়িত্বে আকনুর রহমান-ছবিঃ সংগৃহীত

৩০ মার্চ ২০২৬

সমাচার ডেস্ক : কয়েক মাসের জল্পনা-কল্পনার পর অবশেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগে অতিরিক্ত সচিব পদে নতুন নিয়োগ দিয়েছে সরকার। এ দায়িত্ব পালনের জন্য স্থানীয় সরকার বিভাগে কর্মরত অতিরিক্ত সচিব মো. আকনুর রহমান, পিএইচডিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন রবিবার জারি করা হয়।

বিসিএস প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচের এই কর্মকর্তা দীর্ঘদিন শূন্য থাকা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়ায় প্রশাসনের ভেতরে চলমান অনিশ্চয়তা অনেকটাই কেটে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

টাঙ্গাইলের সন্তান আকনুর রহমান কর্মজীবনে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ও মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে যুগ্মসচিব, পরিকল্পনা মন্ত্রণালয়ে পরিচালক (যুগ্মসচিব), বাংলাদেশ পাবলিক প্রোকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ), বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি), বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ মাঠ প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। সরকারি ক্রয় ব্যবস্থাপনা বিষয়ে তিনি দেশের অন্যতম প্রশিক্ষক হিসেবেও পরিচিত।

তিনি যুক্তরাজ্যভিত্তিক চার্টার্ড ইনস্টিটিউট অব প্রোকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাইয়ের এমসিআইপিএস সদস্য। ২০১৫-১৬ সালে যুক্তরাজ্য থেকে প্রোকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই বিষয়ে ডিপ্লোমা ও প্রফেশনাল ডিগ্রি অর্জন করেন।

শিক্ষাজীবনেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ১৯৯৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম. ফার্ম ডিগ্রি লাভ করেন। পরে স্বাস্থ্য অর্থনীতিতে স্নাতকোত্তর ডিপ্লোমা, জাপানের গ্রিপস থেকে পাবলিক পলিসিতে মাস্টার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন। ২০২১ সালে স্বাস্থ্য ও ওষুধনীতি বিষয়ক গবেষণায় পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার বেশ কয়েকটি গবেষণা প্রবন্ধ দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগকে প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল শাখা হিসেবে বিবেচনা করা হয়। এখানে মাঠ প্রশাসন থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যায়ের নিয়োগ, পদোন্নতি ও পদায়নের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কয়েক মাস ধরে অতিরিক্ত সচিবের পদটি শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমে কিছুটা ধীরগতি দেখা দেয়।

রাজনৈতিক ও প্রশাসনিক নানা কারণে এ নিয়োগ দীর্ঘদিন আটকে ছিল বলে আলোচনা রয়েছে। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পরও বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। শেষ পর্যন্ত আকনুর রহমানকে নিয়োগ দেওয়ার মাধ্যমে সেই জট কাটলো।

বিশেষজ্ঞদের মতে, এমন গুরুত্বপূর্ণ পদে স্বচ্ছতা, দক্ষতা ও নিরপেক্ষতা অত্যন্ত জরুরি। দীর্ঘদিন পদ শূন্য থাকলে প্রশাসনে অনিশ্চয়তা তৈরি হয় এবং কাজের গতি কমে যায়।

নতুন অতিরিক্ত সচিবের সামনে এখন বড় দায়িত্ব হলো—ফাইল নিষ্পত্তিতে গতি আনা, প্রশাসনে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং পদায়ন ও পদোন্নতি প্রক্রিয়ায় আস্থা তৈরি করা। সংশ্লিষ্টরা আশা করছেন, তিনি পেশাদারিত্বের মাধ্যমে এপিডিকে আরও কার্যকর ও স্বচ্ছভাবে পরিচালনা করবেন।

বিশ্লেষকদের মতে, এই নিয়োগ শুধু একটি প্রশাসনিক পদায়ন নয়; এটি সরকারের নীতিগত অবস্থানেরও প্রতিফলন। দক্ষতা ও নিরপেক্ষতাকে গুরুত্ব দেওয়া হলে বিতর্ক কমবে, অন্যথায় ভবিষ্যতে আবারও জটিলতা তৈরি হতে পারে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::