ইরানকে পরাজিত করা অসম্ভব-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কর্মকাণ্ডকে যুদ্ধাপরাধ বললেন রামদেব

ইরানকে পরাজিত করা অসম্ভব-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কর্মকাণ্ডকে যুদ্ধাপরাধ বললেন রামদেব
যোগগুরু রামদেব-ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের যোগগুরু বাবা রামদেব সম্প্রতি ইরানকে ঘিরে দেওয়া এক বক্তব্যের কারণে নতুন করে আলোচনায় এসেছেন। এক সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকাণ্ডকে কঠোর ভাষায় সমালোচনা করে এটিকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, কোনো সংঘাত বা যুদ্ধের মাধ্যমেও ইরানকে পরাজিত করা সম্ভব নয়। তার মতে, ইরানের জনগণের বিশ্বাস, আদর্শ ও আত্মপরিচয় এতটাই দৃঢ় যে তা সামরিক শক্তি দিয়ে ভাঙা কঠিন।

একটি ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, এক টেলিভিশন অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সেখানে তিনি আরও বলেন, মানুষের দেহ ধ্বংস করা গেলেও তার আদর্শ বা আত্মমর্যাদা নষ্ট করা যায় না।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-এর প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশটির বিপুল জনগোষ্ঠী তার চিন্তাধারায় আস্থা রাখে, যা সহজে নড়বড়ে হওয়ার নয়।

পশ্চিম এশিয়ার চলমান উত্তেজনা নিয়েও কথা বলেন তিনি। তার অভিযোগ, এই অঞ্চলের সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং তাদের পদক্ষেপ মানবতা ও পরিবেশের জন্য ক্ষতিকর।

তিনি আরও সতর্ক করে বলেন, এই ধরনের সংঘাতের প্রভাব দীর্ঘমেয়াদে বিশ্বব্যাপী অনুভূত হতে পারে।

তবে তার এই মন্তব্য ঘিরে নতুন বিতর্কও তৈরি হয়েছে। কারণ, অতীতে মুসলিম সম্প্রদায় সম্পর্কে তার বিভিন্ন বক্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। ২০২৩ সালে তিনি মন্তব্য করেছিলেন, কিছু মানুষ ধর্মীয় অনুশীলন করলেও সন্ত্রাসবাদের সঙ্গে জড়িয়ে পড়ে—যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।

এছাড়া মুসলিম সমাজে বহুবিবাহ ও নারীদের পোশাক নিয়েও তার কিছু মন্তব্য বিতর্ক সৃষ্টি করেছিল, যার বিরুদ্ধে বিভিন্ন সংগঠন প্রতিবাদ জানিয়েছিল।

এই প্রেক্ষাপটে বিশ্লেষকরা বলছেন, ইরান প্রসঙ্গে তার সাম্প্রতিক অবস্থান আগের বক্তব্যের সঙ্গে কিছুটা ভিন্নতা তৈরি করেছে। ফলে অনেকে প্রশ্ন তুলছেন, এটি কি দৃষ্টিভঙ্গির পরিবর্তন, নাকি ভিন্ন কোনো রাজনৈতিক বার্তা বহন করছে।

সূত্র ঃ নয়াদিগন্ত

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::