২৪ মার্চ ২০২৬
নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মান্দায় ইউপি সদস্য রাজু আহমেদের বসতবাড়িসহ তার অনুসারীদের বাড়ি ও দোকানে ভয়াবহ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার ১০ নং নুরুল্যাবাদ ইউনিয়নের কালিগ্রাম-দোডাঙ্গী এলাকায় এই তাণ্ডব চালায় প্রতিপক্ষের লোকজন।
হামলাকারীরা রাজু মেম্বারের ঘরবাড়ি তছনছ করার পাশাপাশি তার সমর্থকদের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এসে রাজু মেম্বারের বাড়িতে অতর্কিত ভাবে হামলা চালায় ।
এসময় হামলাকারীরা ঘরের ভেতরে থাকা খাট, সুকেস, টিভি, ফ্রিজ, ড্রেসিং টেবিল, ওয়্যারড্রোব, পানির পাম্প (মোটর) ও সাব-বাক্স ভেঙে চুরমার করে দেয়।
রাজু মেম্বারের স্বজনদের দাবি, ভাঙচুরের পাশাপাশি ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, জমির মূল দলিলপত্র এবং ব্যাংকের চেক বই লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এছাড়া কালিগ্রাম কাচারী মাঠের পশ্চিম পাশের একটি পুকুর থেকে জোরপূর্বক মাছ লুট করারও অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেবল রাজু মেম্বারের বাড়িই নয়, তার ঘনিষ্ঠ একাধিক অনুসারীর বসতবাড়ি ও দোকানেও হামলা চালানো হয়। কালিগ্রাম কাচারীমাঠের পাশের একটি মুদির দোকানে অগ্নিসংযোগ করায় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রাজু মেম্বারের সমর্থকদের দাবি, গত ২২ মার্চ সারওয়ার জাহান উজ্জ্বল নামে এক ব্যক্তিকে হাতুড়িপেটা বা চাঁদা দাবির যে অভিযোগ তোলা হয়েছে, তার সঙ্গে রাজু মেম্বারের কোনও সম্পৃক্ততা নেই। মূলত রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাকে ফাঁসাতে এবং এলাকা ছাড়া করতে এই ‘নাটক’ সাজানো হয়েছে। বিচার চাওয়ার নামে মূলত রাজু মেম্বারের সাজানো সংসার ও সমর্থকদের ভিটেমাটি ধ্বংস করাই ছিল প্রতিপক্ষের মূল লক্ষ্য।
সার্বিক পরিস্থিতির বিষয়ে মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি বলেন, ‘রাজু মেম্বারের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়েছি। বেশ কয়েকটি ঘর ও দোকানে অগ্নিকাণ্ডের আলামত সংগ্রহ করা হয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়া বা লুটপাট করা ফৌজদারি অপরাধ। আমরা পুরো বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি।’
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের উত্তরা ডিগ্রি কলেজ মোড় এলাকায় রাজু মেম্বারকে গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। সেই কর্মসূচি শেষ হওয়ার কিছুক্ষণ পরই এই অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
..