শাহীন রেজা টিটু-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিভ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ দক্ষিণপাড়ার একটি পুকুর থেকে দেলোয়ার (৫৫) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে পুকুরে মরদেহটি ভেসে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, সকালে কয়েকজন এলাকাবাসী পুকুরের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে বিষয়টি অন্যদের জানালে মুহূর্তেই এলাকায় খবরটি ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা নবীনগর থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দেলোয়ার তার পরিবারসহ চট্টগ্রামে বসবাস করতেন। তিনি বিভিন্ন সময় বিভিন্ন মাজারে ঘুরে বেড়াতেন বলেও এলাকাবাসী জানান।
নবীনগর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম দৈনিক সমাচার কে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই ঘটনাটি দুর্ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা নাকি দুর্ঘটনা।
এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেননি।এদিকে পুকুরে মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। স্থানীয়রা দ্রুত ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে প্রশাসনের কার্যকর তদন্তের দাবি জানিয়েছেন।
..