প্রয়োজনে নিজের পকেটের টাকা দিয়ে হলেও বাজার ইজারা মুক্ত করতে হবেঃ এম এ হান্নান এমপি

প্রয়োজনে নিজের পকেটের টাকা দিয়ে হলেও বাজার ইজারা মুক্ত করতে হবেঃ এম এ হান্নান এমপি

শাহিন রেজা টিটু – ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরের ঐতিহ্যবাহী নাসিরনগর বাজারকে ইজারা মুক্ত করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নান।

সোমবার (৯ মার্চ) বিকেলে বাজার কমিটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
এম এ হান্নান এমপি বলেন, নাসিরনগর বাজারে ইজারা পদ্ধতির কারণে দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও সাধারণ মানুষের নানা ধরনের ভোগান্তি সৃষ্টি হচ্ছে।

এ পরিস্থিতি থেকে ব্যবসায়ী ও ক্রেতাদের স্বস্তি দিতে বাজারকে ইজারা মুক্ত করা প্রয়োজন। প্রয়োজনে নিজের পকেটের টাকা দিয়ে হলেও এ বাজারকে ইজারা মুক্ত করা হবে।

তিনি আরও বলেন, সরকার নির্ধারিত যে পরিমাণ অর্থ ইজারা বাবদ আদায় হয়, তা প্রয়োজনে তিনি ব্যক্তিগত তহবিল থেকে পরিশোধ করবেন। বাজারকে ব্যবসাবান্ধব, সুশৃঙ্খল ও আধুনিক করতে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বাজার কমিটির সভাপতি বিল্লাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাসরিন, নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন।

এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বাজার কমিটির সদস্য, স্থানীয় ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা নাসিরনগর বাজারের সার্বিক উন্নয়ন ও আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

..

Leave a reply

Minimum length: 20 characters ::