মুহাম্মাদ আরিফুর রহমান রণি – ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে ২০২৫ সালের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, রাজাপুরের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের এই সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম জামাল। রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মাহমুদুল হাসান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আকতার হোসেন।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন উত্তর উত্তমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব আবুল বাসার। এছাড়াও উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষক, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন ”আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের উন্নত বাংলাদেশ গড়ার কারিগর। তাদের এই মেধার স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালো ফলাফল করতে এবং দেশ ও জাতির কল্যাণে নিবেদিত হতে অনুপ্রেরণা জোগাবে।”
বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং কেবল পাঠ্যবই নয়, বরং নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ অত্যন্ত আনন্দঘন পরিবেশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন। এই আয়োজনকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
..