নওগাঁর – মান্দায় ওসির হুমকি ও তাণ্ডব: ৯৯৯-এ কল করেও মেলেনি প্রতিকার

নওগাঁর – মান্দায় ওসির হুমকি ও তাণ্ডব: ৯৯৯-এ কল করেও মেলেনি প্রতিকার

নওগাঁ প্রতিনিধি :  নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি অসহায় পরিবারের ওপর হামলা, গাছ নিধন, ঘরবাড়ি ভাঙচুর ও পুকুরের মাছ লুটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলেও মেলেনি পুলিশের সহায়তা।

উল্টো থানায় অভিযোগ করতে গিয়ে খোদ ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) রোষানলে পড়েছেন তারা। বেশি ‘বাড়াবাড়ি’ করলে মিথ্যা চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকির একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার ৫ নং গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শ্রীরামপুর মধ্যপাড়া গ্রামের রজব আলী গং-এর সঙ্গে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। শনিবার দুপুরে নবনির্বাচিত এমপির প্রভাব খাটিয়ে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ অতর্কিত হামলা চালায়। এসময় বিবাদমান জমিতে থাকা বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ কেটে ফেলা হয়। হামলাকারীরা পুকুর থেকে মাছ লুট করে এবং ঘরবাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, হামলার সময় প্রাণভয়ে তারা বারবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। সেখান থেকে বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হলেও দীর্ঘ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি। পুলিশের এমন রহস্যজনক নীরবতায় হামলাকারীরা কয়েক ঘণ্টা ধরে তাণ্ডব চালানোর সুযোগ পায় বলে অভিযোগ ভুক্তভোগীদের।

এই ঘটনাকে কেন্দ্র করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই অডিওতে শোনা যায়, ভুক্তভোগী পরিবার আইনি সহায়তা চাইলে ওসি ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি বলেন, “বেশি বাড়াবাড়ি করলে বা বেশি কথা বললে মিথ্যা চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে।”

একজন পুলিশ কর্মকর্তার মুখে এমন হুমকিতে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এলাকার সাধারণ মানুষ ওসির পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন।

হুমকির বিষয়টি অস্বীকার করে মান্দা থানার ওসি কেএম মাসুদ রানা মুঠোফোনে বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। কাউকে হুমকি দেওয়ার বিষয়টি সঠিক নয়।” তবে ভাইরাল হওয়া অডিওর সত্যতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দেননি এবং মন্তব্য করতে রাজি হননি।

বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ন্যায়বিচারের দাবিতে তারা জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

..

Leave a reply

Minimum length: 20 characters ::