মুহাম্মাদ আরিফুর রহমান রণি – ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেছেন, “কোনো সন্ত্রাসের জায়গা রাজাপুরে থাকবে না। সন্ত্রাসীদের রাজাপুর প্রশাসন কোনো প্রকারের সহযোগিতা করবে না। অপরাধীর জায়গা হবে জেলখানায়।”
শনিবার বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের শুক্তাগড় গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি বসতঘর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
ক্ষতিগ্রস্ত আবু বকরের পরিবারের সদস্যদের সাথে কথা বলে সমবেদনা জানিয়ে এমপি জামাল বলেন, “বাড়িটি পুড়ে যাওয়া অত্যন্ত কষ্টদায়ক। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত কোনো নাশকতা, তা পুলিশি তদন্তে বেরিয়ে আসবে। কোনো অপরাধী বা সন্ত্রাসী যদি এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত থাকে, তবে তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা একটি কল্যাণকর ও আইনানুগ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে কাজ করছি। যারা সমাজে নৈরাজ্য সৃষ্টি করে, চাঁদাবাজি করে বা সাধারণ মানুষের জানমালের ক্ষতি করে, তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার। পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা অপরাধীদের দমনে কঠোর ভূমিকা পালন করে এবং দ্রুত আইনের আওতায় নিয়ে আসে।”
পরিদর্শনকালে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।
এ সময় রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম, ওসি (তদন্ত) আঃ মালেকসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে, দুপুর তিনটায় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদের মায়ের কবর জিয়ারত করেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
..