সেন্টমার্টিন ১৫ পাচারকারী আটক নারী-শিশুসহ ১৫৩ জন উদ্ধার

সেন্টমার্টিন ১৫ পাচারকারী আটক নারী-শিশুসহ ১৫৩ জন উদ্ধার
ফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি: সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে ১৫ জন মানবপাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে পাচারের উদ্দেশ্যে আটক করে রাখা নারী ও শিশুসহ ১৫৩ জনকে উদ্ধার করা হয়েছে।
রবিবার (১ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় সাগর পথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বিপুল সংখ্যক নারী, পুরুষ ও শিশু সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্রে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ৩টার দিকে ‘অপারেশন সমুদ্র প্রহরা’-এ নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ বিসিজিএস কামরুজ্জামান বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দিলে সেটি অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করতে সক্ষম হয়।
পরে বোটে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া নারী ও শিশুসহ ১৫৩ জনকে উদ্ধার করা হয়। একই সময় মানবপাচারের সঙ্গে জড়িত ১৫ জনকে আটক করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ পাচারকারী চক্র উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি এবং কম খরচে বিদেশে যাওয়ার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় নেওয়ার চেষ্টা করছিল।
উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় যাচাই এবং আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, মানবপাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
..

Leave a reply

Minimum length: 20 characters ::