টেকনাফ হ্নীলা বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং ও অভিযান

টেকনাফ হ্নীলা বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং ও অভিযান
ফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা বাজারে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে হ্নীলা বাজারে এ কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমামুল হাফিজ নাদিম।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী, হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী, উপজেলা প্রকল্প কর্মকর্তা হাবিবুর রহমান, কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির এবং হ্নীলা বাজারের ইজারাদার আবু বক্কর আল মাসুদসহ সংশ্লিষ্টরা।
অভিযান চলাকালে বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করা হয়। ব্যবসায়ীদের পণ্যের মূল্যতালিকা প্রদর্শন এবং নির্ধারিত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসজুড়ে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।
এ বিষয়ে বাজারে কেনাকাটা করতে আসা এক ক্রেতা বলেন, “রমজানের সময় বাজারে প্রশাসনের এমন নজরদারি থাকলে ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়াতে পারে না। এতে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পায়।”
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, “পবিত্র রমজানকে সামনে রেখে যাতে কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে দ্রব্যমূল্য বাড়াতে না পারে, সে লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।”
..

Leave a reply

Minimum length: 20 characters ::