হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে ইরান

হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে ইরান

সমাচার ডেস্ক: ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সোমবার হরমুজ প্রণালীতে ধারাবাহিক সামরিক মহড়া শুরু করেছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। পারস্য উপসাগরের এই সংকীর্ণ জলপথটি বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, আইআরজিসির প্রধানের তত্ত্বাবধানে নৌবাহিনী এসব নিবিড় মহড়া পরিচালনা করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে বড় আকারের নৌবাহিনী মোতায়েন করার পরই এই মহড়া শুরু হলো।

হরমুজ প্রণালী বিশ্ব তেল পরিবহনের অন্যতম প্রধান রুট হিসেবে পরিচিত, ফলে সেখানে সামরিক তৎপরতা আন্তর্জাতিক অঙ্গনে বাড়তি নজর কাড়ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনা জন্য জেনেভায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সোমবার জানিয়েছে, ওয়াশিংটন ইসলামিক প্রজাতন্ত্রের ওপর চাপ অব্যাহত রাখার পাশাপাশি আলোচনার বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছে। তেহরান বলছে, ওমানের মধ্যস্থতায় ‌‘পরোক্ষ’ ইরান-মার্কিন পারমাণবিক আলোচনা মঙ্গলবার অনুষ্ঠিত হবে। যদিও ওয়াশিংটন এর আগে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক প্রক্সিদের সমর্থনসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করার জন্য চাপ দিয়েছে।

গত জুনে ইসরায়েল ইরানের বিরুদ্ধে নজিরবিহীন বোমা হামলা চালালে পূর্ববর্তী আলোচনা ভেঙে যাওয়ার পর তেহরান এবং ওয়াশিংটন চলতি মাসে পুনরায় আলোচনা শুরু করে।

জুন মাসে পারমাণবিক পর্যবেক্ষণকারীরা সর্বশেষ ইরানের ৪০০ কিলোগ্রামেরও বেশি অর্থাৎ ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দেখেছে।

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::