মো: রাকিব হাসান,সিনিয়র রিপোর্টার: আসন্ন ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজধানীর ঢাকা-৯ আসনে দেখা যাচ্ছে ব্যতিক্রমধর্মী ও আশাব্যঞ্জক রাজনৈতিক চিত্র। খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকা নিয়ে গঠিত এই আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা থাকলেও নির্বাচনী প্রচারে নেই প্রতিহিংসা, কাঁদা ছোড়াছুড়ি কিংবা অপবাদের রাজনীতি। বরং প্রার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থানের নজির ভোটের রাজনীতিতে তৈরি করছে ইতিবাচক দৃষ্টান্ত।
এই আসনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক ছাত্রদল নেতা হাবিবুর রশিদ হাবিব। অন্যদিকে এনসিপি ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে লড়ছেন তাসনিম জারা এবং জামায়াত জোটের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীক নিয়ে মাঠে রয়েছেন জাবেদ রসিন। তরুণ ও অভিজ্ঞ নেতৃত্বের এই ত্রিমুখী লড়াইয়ে প্রতিযোগিতা থাকলেও শুরু থেকেই তারা পরস্পরের বিরুদ্ধে কটূক্তি কিংবা নেতিবাচক প্রচার এড়িয়ে চলছেন।
নির্বাচনী প্রচারণার শেষ সময়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে নিজেদের উন্নয়ন ভাবনা তুলে ধরছেন এই তিন প্রার্থী। একই সঙ্গে তারা বারবারই আশ্বাস দিচ্ছেন—জনগণের রায়ই হবে চূড়ান্ত। পরাজিত হলেও এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে নির্বাচিত জনপ্রতিনিধির সঙ্গে সহযোগিতার মনোভাব রাখবেন বলে জানান সবাই।
স্থানীয় ভোটাররা দৈনিক সমাচারকে জানান, দীর্ঘদিন ধরে রাজনৈতিক সহিংসতা ও বিভাজনের রাজনীতি দেখে অভ্যস্ত হলেও এবার ঢাকা-৯ আসনের পরিবেশ ব্যতিক্রম। শান্তিপূর্ণ প্রচারণা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ ভোটারদের মধ্যে স্বস্তি ও আস্থার জায়গা তৈরি করেছে।
প্রার্থীদের বক্তব্যেও উঠে এসেছে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নের অঙ্গীকার। তারা মনে করেন, রাজনৈতিক মতভেদ থাকলেও জনগণের কল্যাণে সবাইকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে।
সব মিলিয়ে আসন্ন নির্বাচনের প্রাক্কালে ঢাকা-৯ আসনে শান্তিপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা ও সম্প্রীতির রাজনীতি গণতান্ত্রিক চর্চায় একটি ইতিবাচক উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে বলে মনে করছেন সবাই।
..