ঈদগাঁওতে আগুন, পথে দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়ি

ঈদগাঁওতে আগুন, পথে দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়ি

আনাছুল হক, ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁও বাজারে গভীর রাতে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগার আগে ও পরে অজ্ঞাত ব্যক্তিদের দ্রুত ঘটনাস্থল ত্যাগ এবং পাশের একটি অফিসে লুটপাটের আলামত পাওয়ায় স্থানীয়রা এটিকে পরিকল্পিত ঘটনা মনে করছেন। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা ধরা হয়েছে।

ঘটনা রবিবার ভোররাতে ঈদগাঁও বাজারের ডিসি সড়কের পূর্ব পাশে, আধুনিক হাসপাতালের সংলগ্ন এলাকায় সংঘটিত হয়।স্থানীয় সূত্রে জানা যায়, মাইজপাড়া এলাকার আনোয়ারুল আজিমের পুত্র জাহেদ হোসেনের মালিকানাধীন মার্কেটের তিনটি দোকানে একযোগে আগুন লাগে। এতে নুরুল আজিমের চিরাই কাঠের দোকান, আমির আলীর কুলিং কর্নার এবং শামসুল আলমের ফার্নিচার দোকান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়।

চিরাই কাঠের দোকান থেকে সামান্য কিছু মালামাল উদ্ধার করা গেলেও কুলিং কর্নার ও ফার্নিচার দোকানের ফ্রিজ, আসবাবপত্র, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী সম্পূর্ণভাবে আগুনে ভস্মীভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, সময়মতো আগুন নিয়ন্ত্রণে না আনলে পুরো বাজারে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো।

স্থানীয়রা জানিয়েছেন, আগুন লাগার সময় কয়েকজন সন্দেহজনক ব্যক্তি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেছিল। এ কারণে পরিকল্পিত অগ্নিসংযোগের ধারণা আরও জোরালো হয়েছে।
কুলিং কর্নারের মালিক আমির আলী বলেন, “দোকানটি দুই দিন ধরে বন্ধ ছিল। স্বাভাবিকভাবে আগুন লাগার কোনো কারণ নেই। এটি অত্যন্ত রহস্যজনক।”

চাঞ্চল্যকর তথ্য হলো, আগুনে ক্ষতিগ্রস্ত ফার্নিচার দোকানের পাশের একটি অফিসে দা ও কিরিচ দিয়ে দরজা ভেঙে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করা হয়েছে।

দোকান ও জমির মালিক জাহেদ হোসেন জানান, তিনি প্রায় ১০০ বছর ধরে ওই জমি ও দোকান ব্যবহার করে আসছেন। তবে দীর্ঘ ১৮ বছর ধরে জমি সংক্রান্ত একটি মামলা আদালতে চলমান। সম্প্রতি প্রতিপক্ষ মোটা অঙ্কের টাকা দাবি করলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। এরপরই এই ধরনের ঘটনা ঘটে, যা নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।
ঈদগাঁও থানার এএসআই হিমেল বড়ুয়া বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তথ্য-প্রমাণের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

অগ্নিকাণ্ডের কারণে বাজারের ব্যবসায়ীদের মধ্যে ভয়, আতঙ্ক এবং ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তার দাবি করেছেন এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চেয়েছেন। অপরদিকে, অগ্নিকাণ্ড নির্বাপন করতে আসার পথে রামু থেকে আসা ফায়ার সার্ভিসের একটি গাড়ি মেহেরঘোনা শাহ জাব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার ও সহায়তা প্রদান করেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় তেমন কেউ হতাহত হয়নি। তবে দুর্ঘটনার কারণে উদ্ধার কার্যক্রমে কিছুটা বিলম্ব ঘটেছে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::