বেনাপোল প্রতিনিধি : বিভিন্ন সময় ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়ার এক বছর পর এক তরুণীকে (২১) দেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার।মঙ্গবার (১৩ জুলাই) বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে মেয়েটিকে হস্তান্তর করে।ফেরত আসা মেয়েটির বাড়ি খুলনা সদরে। তরুণীকে গ্রহণকারী এনজিও জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর শাখার সিনিয়র প্রোগ্রাম অফিসার শাওলী সুলতানা জানান, ভালো কাজের প্রলোভনে পড়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের গুজরাটে নারী পাচার হয়। এ মেয়েটিকেও পাচারকারী ভালো কাজ না দিয়ে ঝুঁকিপূর্ণ কাজে দেন। পরে পুলিশের হাতে মেয়েটি আটক হন। সেখানে এক বছর জেল খাটেন তিনি। পরে একটি এনজিও তাকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চালাচালির মাধ্যমে মঙ্গলবার তাকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়।বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিওর হেফাজতে দেওয়া হয়েছে। তারা বেনাপোলের একটি হোটেলে ১৪ দিনের জন্য তাকে কোয়ারেন্টিনে রেখেছে।