ভোলা প্রতিনিধি : ভোলায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ফুড প্যাকেজ, তারপলিন ও হাইজিন প্যাকেজ বিতরণ করা হয়েছে।শুক্রবার (২৮ মে) দুপুরে সদর উপজেলার রাজাপুর ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা ইউনিটের পক্ষ থেকে এ সামগ্রী বিতরণ করা হয়।ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. আজিজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ২৫শ পরিবারে জন্য খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় প্রতি পরিবারকে শুকনো খাবার ও ফুড প্যাকেজ বিতরণ করা হয়। রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন কর্মকর্তা ও ভলান্টিয়ায় উপস্থিত থেকে এ ত্রাণ বিতরণ করেন। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট ঝড়ো বাতাসে উপকূলীয় জেলা ভোলার ৫টি উপজেলার ১১ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে আশিংক বিধ্বস্ত ৭৭৩০টি ঘর। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ৩৫৭৯টি ঘর। জেলার ৫টি উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এছাড়া পূর্ণিমার প্রভাব থাকায় নদীর পানি এখনও বিপৎসীমার উপর দিয়ে প্রভাবিত হওয়ায় জেলার ২৩ চরের ৬৮ হাজার মানুষ এখনও পানিবন্দি অবস্থায় অছে।