প্রথম রাষ্ট্রীয় সফরেই দিল্লিমুখী তারেক রহমান, বড় চুক্তির প্রত্যাশা

প্রথম রাষ্ট্রীয় সফরেই দিল্লিমুখী তারেক রহমান, বড় চুক্তির প্রত্যাশা
প্রধানমন্ত্রী তারেক রহমান/ছবি : সংগৃহীত

৯ এপ্রিল ২০২৬

সমাচার রিপোর্ট : প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় সফরে ভারত যেতে পারেন তারেক রহমান। সম্ভাব্য সময় আগামী ১০ মে’র মধ্যে, এ লক্ষ্যেই দিল্লি প্রস্তুতি নিচ্ছে। সফরকালে তিনটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনাও আলোচনায় রয়েছে।

ঢাকায় অবস্থিত ভারতীয় কূটনৈতিক সূত্রগুলো জানায়, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে আস্থার সম্পর্ক জোরদার করতে এ সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারত সরকার। সফরে তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনাও রয়েছে। শেখ হাসিনার পর নতুন প্রধানমন্ত্রীর এই সফর স্মরণীয় করে তুলতে ভারত বিশেষ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, এর আগে দায়িত্ব নেওয়ার পর নেপাল সফর এবং ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার আলোচনা থাকলেও সেই পরিকল্পনায় পরিবর্তন এসেছে। প্রথমে এপ্রিল মাসেই ভারত সফরের প্রস্তুতি নেওয়া হলেও ভারতের বিভিন্ন রাজ্যের নির্বাচনের কারণে তা পিছিয়ে দেওয়া হয়। এখন ১০ মে’র আগেই যে কোনো সময়ে সফরের তারিখ চূড়ান্ত করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।

৬ এপ্রিল ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকে সম্ভাব্য সফর এবং তিনটি গুরুত্বপূর্ণ চুক্তি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। যদিও বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে ২০০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ এবং গঙ্গার পানি বণ্টন চুক্তির বিষয়টি আলোচনায় এসেছে।

সূত্রগুলো জানায়, প্রায় ২০০ কোটি মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ হাজার কোটি টাকা) সহায়তা প্যাকেজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। গঙ্গার পানি বণ্টন নিয়েও ইতিবাচক অগ্রগতি হয়েছে। এছাড়া বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে ইরি মৌসুমে সেচের জন্য বাড়তি ডিজেলের প্রয়োজন মেটাতে ভারত থেকে সরবরাহ বাড়ানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরদিন, ৭ এপ্রিল, নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান প্রথম আনুষ্ঠানিক সফরে ভারত যান। বিভিন্ন পর্যায়ে বৈঠকের মাধ্যমে প্রধানমন্ত্রীর সফর প্রায় চূড়ান্ত হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

সফরে প্রধানমন্ত্রীর স্ত্রী ও কন্যার উপস্থিতির সম্ভাবনা রয়েছে। ভারত সরকারের পক্ষ থেকেও তাদের আমন্ত্রণ জানানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে সফরসঙ্গীদের তালিকাও চূড়ান্ত করার কাজ এগোচ্ছে। প্রাথমিক তালিকায় রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এছাড়া ব্যবসায়ী প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করা হতে পারে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, খুব শিগগিরই বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::