১২ এপ্রিল ২০২৬
মুহাম্মাদ আরিফুর রহমান রণি-নিজস্ব প্রতিবেদক : বরিশাল বরিশাল মহানগরীর সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে এবং ব্যস্ততম সড়কগুলো দখলমুক্ত করতে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন।
গতকাল রোববার (১২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বিপুল সংখ্যক অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
সকাল থেকেই বরিশাল সিটি কর্পোরেশনের একটি ভ্রাম্যমাণ দল নগর ভবন সংলগ্ন ফজলুল হক এভিনিউ থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু করে। পরবর্তীতে বিবির পুকুর পাড় ও এর পার্শ্ববর্তী এলাকার ফুটপাতগুলোতে গড়ে ওঠা কয়েকশ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযান চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও উৎসুক জনতার ভিড় সামলাতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে।

হঠাৎ এই উচ্ছেদে চরম বিপাকে পড়েছেন কয়েকশ ক্ষুদ্র ব্যবসায়ী। নগর ভবনের সামনে ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই ব্যবসাই ছিল আমাদের সংসারের আয়ের একমাত্র উৎস। আমাদের জন্য কোনো বিকল্প বা পুনর্বাসনের ব্যবস্থা না করেই এভাবে দোকান ভেঙে দেওয়া হয়েছে। এখন পরিবার নিয়ে আমরা পথে বসার উপক্রম হয়েছি।” ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, উচ্ছেদের আগে তাদের পুনর্বাসনের জন্য নির্দিষ্ট জায়গা বরাদ্দ দেওয়া উচিত ছিল।
এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, নগরীর প্রধান প্রধান সড়কগুলোর ফুটপাত দীর্ঘ দিন ধরে বেদখল থাকায় সাধারণ মানুষের স্বাভাবিক যাতায়াতে চরম বিঘ্ন ঘটছিল। জনস্বার্থ বিবেচনা করেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “অভিযান শুরুর আগে আমরা এলাকায় মাইকিং করে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বারবার অনুরোধ জানিয়েছি। অনেকে নিজ উদ্যোগে সরিয়ে নিলেও অধিকাংশ দখলদারই কর্ণপাত করেননি। ফলে আইনগতভাবে আমরা এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি।”
সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, নগরীর যানজট নিরসন ও সৌন্দর্য রক্ষায় আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
..