১১ এপ্রিল ২০২৬
মুহাম্মাদ আরিফুর রহমান রণি-ঝালকাঠি : ঝালকাঠির কাঁঠালিয়ায় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে বর্ণাঢ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া খন্দকার বাড়ির পেছনের মাঠে প্রতিবছরের ন্যায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আবহমান বাংলার ঐতিহ্যবাহী এই ঘোড়দৌড় দেখতে দুপুর থেকেই মাঠের চারধারে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় শতশত নারী, শিশু ও বৃদ্ধরা। উৎসবমুখর এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মোট ১৩টি ঘোড়া অংশ নেয়। দ্রুতগতির এই লড়াইয়ে উপস্থিত দর্শকদের করতালি ও হর্ষধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
প্রতিযোগিতায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে মোঃ মহসিনের ঘোড়া প্রথম স্থান অধিকার করে। এছাড়া মোঃ রিয়াদের ঘোড়া দ্বিতীয় এবং মোঃ সিরাজ সিকদারের ঘোড়া তৃতীয় স্থান অর্জন করে।
প্রতিযোগিতা শেষে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট শিল্পপতি মোঃ শহীদুল ইসলাম। স্থানীয় কচুয়া গ্রামের যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা হেলাল কিরন, এটিএন বাংলার ঝালকাঠি জেলা প্রতিনিধি এইচ এম নাসির উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক এস এম মনিরুল ইসলাম রুপ্তু, মোঃ জাকির হোসেন খান, মোঃ আনোয়ার হোসেন তোফাজ্জল, মোঃ মারুফ হাওলাদার, মোঃ সোলায়মান খান, মোঃ হানিফ খান এবং মোঃ বেল্লাল খানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঘোড়দৌড়কে কেন্দ্র করে মাঠের চারপাশে বসেছিল গ্রাম্য মেলা। মেলার হরেক রকম খাবারের দোকান ও নাগরদোলা শিশুদের বাড়তি আনন্দ জুগিয়েছে। আয়োজক কমিটির সদস্যরা জানান, তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদন দিতে এবং গ্রাম বাংলার পুরনো সংস্কৃতি টিকিয়ে রাখতে প্রতিবছরই তারা এই ধরনের আয়োজন করে থাকেন।