১১ এপ্রিল ২০২৬
সমাচার রিপোর্ট : শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে একটি শিশুতোষ নাটক দেখতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যা ৭টার দিকে তারা মিলনায়তনে পৌঁছান এবং নাটক উপভোগ করেন। হঠাৎ সরকারপ্রধানের আগমনে উপস্থিত দর্শক ও শিশু শিল্পীরা বিস্মিত হলেও পরে আনন্দ প্রকাশ করেন। অনেকেই কাছ থেকে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী পরিবারসহ মঞ্চে উঠলে দর্শকরা করতালির মাধ্যমে তাদের স্বাগত জানান। মূলত শিশু শিল্পীদের উৎসাহ দিতেই তারা সেখানে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শিশু শিল্পীদের সঙ্গে ছবি তোলেন।
উল্লেখ্য, এর আগে ৩ এপ্রিল তিনি মেয়েকে নিয়ে ধানমন্ডির একটি সিনেমা হলে ‘প্রজেক্ট হেইল মেরি’ চলচ্চিত্র দেখতে গিয়েছিলেন।
এই শিশুতোষ নাটকটি শিকড় চিলড্রেন থিয়েটারের প্রযোজনায় নির্মিত, যেখানে নওশিন আফসানা বৃষ্টির গল্প অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন তপু চন্দ্র দাস।
..