ইরানের সঙ্গে আলোচনার আগে ট্রাম্পের হরমুজ প্রণালী শিগগিরই খুলে দেওয়ার ঘোষণা

ইরানের সঙ্গে আলোচনার আগে ট্রাম্পের হরমুজ প্রণালী শিগগিরই খুলে দেওয়ার ঘোষণা
মেরিল্যান্ডে এয়ার ফোর্সে উঠার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প/ছবি : আল-জাজিরা

১১ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক সমাচার ডেস্ক :  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সহযোগিতা থাকুক বা না থাকুক, হরমুজ প্রণালী “খুব শিগগিরই” খুলে দেওয়া হবে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র “গালফ খুলে দেবে” এবং এতে অন্যান্য দেশও সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

তবে কীভাবে এই গুরুত্বপূর্ণ জলপথ উন্মুক্ত করা হবে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী বন্ধ করে ইরান কার্যত বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি আরও বলেন, ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনায় প্রধান শর্ত হবে দেশটির পারমাণবিক অস্ত্র না থাকা।

বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কার্যত স্বাভাবিক হয়নি বলে জানিয়েছে শিপিং ট্র্যাকিং ডেটা। এতে বৈশ্বিক জ্বালানি রপ্তানি ব্যাহত হচ্ছে।

বিশ্লেষকদের মতে, বর্তমানে এই প্রণালীতে নৌ চলাচল আগের তুলনায় অনেক কমে গেছে এবং শত শত ট্যাংকার উপসাগরে আটকে রয়েছে। পরিস্থিতিকে “প্রায় অপরিবর্তিত” বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা।

এদিকে চলমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা নিয়ে নতুন করে কূটনৈতিক তৎপরতা চলছে বলে জানা গেছে।

সূত্র : আল জাজিরা

..

Leave a reply

Minimum length: 20 characters ::