নওগাঁয় খরা মোকাবেলায় নতুন আশা: ২০ বছর পর ৭ কিমি খালে প্রাণ, উপকৃত ৩ ইউনিয়নের কৃষক

নওগাঁয় খরা মোকাবেলায় নতুন আশা: ২০ বছর পর ৭ কিমি খালে প্রাণ, উপকৃত ৩ ইউনিয়নের কৃষক
নওগাঁতে ৭ কিমি খাল পুনর্খননে কৃষিতে নতুন আশা, ২০ বছর পর ফিরছে সেচ সুবিধা/ছবিঃ মাহবুবুজ্জামান সেতু

১১ এপ্রিল ২০২৬

মাহবুবুজ্জামান সেতু-জেলা প্রতিনিধি : নওগাঁ সদর উপজেলার কৃষি অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার এবং খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলে সেচ সুবিধা নিশ্চিত করতে দীর্ঘ সাত কিলোমিটার একটি খালের পুনর্খনন কাজ শুরু হয়েছে। প্রায় ২০ বছর পর এই খালটি সংস্কারের উদ্যোগ নেওয়ায় স্থানীয় বর্ষাইল, কীর্ত্তিপুর, হাঁপানিয়া ও চকগৌরী ইউনিয়নের কয়েক হাজার কৃষকের মাঝে খুশির আমেজ বিরাজ করছে।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন (ইউএনএফসিসিসি) কর্তৃক প্রতিষ্ঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর অর্থায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সার্বিক সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মূলত এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রট (ইসিসিসিপি-ড্রট) প্রকল্পের আওতায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৯৮ লাখ ৭৪ হাজার টাকা ব্যয়ে এই সাত কিলোমিটার (কালীতলা ব্রীজ হতে হাঁপানিয়া বাজার পর্যন্ত) খাল পুনঃখনন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে কালীতলা ব্রীজ এলাকায় ফলক উন্মোচন ও কোদাল দিয়ে মাটি কেটে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো: জাহিদুল ইসলাম ধলু।

নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো: জাহিদুল ইসলাম ধলু ৭ কিলোমিটার খাল পুনর্খনন প্রকল্পের উদ্বোধন করেন/ছবিঃ মাহবুবুজ্জামান সেতু

 

উদ্বোধন শেষে তেঁতুলিয়া কলেজ মাঠে আয়োজিত মতবিনিময় সভায় সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, ‘কৃষি উৎপাদন বাড়াতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশব্যাপী স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। দীর্ঘ সময় পর আবারও সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। এই খাল খননের ফলে কয়েক হাজার কৃষক নামমাত্র খরচে সেচ সুবিধা পাবেন। এতে ধান ও সবজি উৎপাদন কয়েক গুণ বাড়বে।’

প্রকল্পের কারিগরি ও প্রশাসনিক দিক নিয়ে এনডিপি এর কর্মকর্তারা জানান, এই পুনর্খনন কেবল মাটি কাটা নয়, বরং এটি একটি পরিবেশবান্ধব টেকসই উন্নয়ন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি এনডিপি-র পরিচালক (কর্মসূচি ও পরিকল্পনা) ড. এ বি এম মো: সাজ্জাদ হোসাইন বলেন, “পিকেএসএফ-এর অর্থায়নে আমরা জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় কাজ করছি। এই খাল খনন প্রকল্প বরেন্দ্র অঞ্চলের মরুকরণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
টেকনিক্যাল অফিসার মো. তৌকির ইসলাম বলেন, ‘আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে খালের নাব্যতা ফিরিয়ে আনছি। এতে করে বর্ষার পানি যেমন সংরক্ষিত থাকবে, তেমনি খরার সময় তা কৃষকদের প্রাণ বাঁচাবে।’

প্রকল্প সমন্বয়কারী মো. হারুন-অর-রশিদ জানান, স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে। এটি স্থানীয় কৃষিখাতকে সমৃদ্ধ করার একটি মাইলফলক।

মাঠ পর্যায়ের তদারকিতে থাকা সিএমও (সিভিল) মো. কৌশিক আহমেদ ও মো. মুনতাহার হোসেন জানান, খালের গভীরতা ও ঢাল এমনভাবে তৈরি করা হচ্ছে যেন দীর্ঘ মেয়াদে পানি প্রবাহ স্বাভাবিক থাকে।স্থানীয়দের প্রতিক্রিয়া, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভরাট হয়ে থাকা এই খালটি নিয়ে স্থানীয় কৃষকদের কষ্টের শেষ ছিল না।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসী জানান, খালটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ায় কৃষিকাজে মারাত্মক সেচ সংকট দেখা দিত। এখন পুনঃখননের মাধ্যমে সেই দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান হতে যাচ্ছে। এই মহতী উদ্যোগের জন্য তারা পিকেএসএফ ও এনডিপি-সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয় কৃষক রহিম মিয়া বলেন, “আগে সেচের অভাবে জমি ফেটে চৌচির হতো, শ্যালো মেশিনে চাষ করতে অনেক খরচ হতো। খাল খনন হলে আমরা কম খরচে পানি পাবো। আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত।”

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং স্থানীয় পর্যায়ে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপস্থিত জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রকল্পের গুণগত মান বজায় রেখে দ্রুত কাজ শেষ করার নির্দেশনা দেন।

বর্ষাইল ইউনিয়ন বিএনপির সভাপতি সানোয়ার হোসেন পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম গোল্ডেন, সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বেলাল, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, সাধারণ সম্পাদক আল কাফি তুহিন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল হক রতন।

এছাড়া এনডিপি-র সিএমও মোহাম্মদ আজহার আলী, মো: রফিকুল ইসলামসহ স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে খরাপ্রবণ নওগাঁর কৃষি ব্যবস্থায় আধুনিক ও সাশ্রয়ী সেচ ব্যবস্থার এক নতুন দুয়ার উন্মোচিত হলো।

..

Leave a reply

Minimum length: 20 characters ::