১০ এপ্রিল ২০২৬
সমাচার রিপোর্ট : অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে একদিনেই মোট ২৪টি বিল পাস হয়েছে। এর মধ্যে রয়েছে ‘জুলাই গণঅভ্যূত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’, ‘জুলাই গণঅভ্যূত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল, ২০২৬’ এবং ‘ব্যাংক রেজল্যুশন বিল, ২০২৬’সহ একাধিক গুরুত্বপূর্ণ আইন।
আজকের পাস হওয়া ২৪টি বিলসহ চলতি অধিবেশনে মোট পাস হওয়া বিলের সংখ্যা দাঁড়িয়েছে ৯১টি। বিষয়টি নিশ্চিত করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
ত্রয়োদশ জাতীয় সংসদের ১৩তম দিনের অধিবেশনের সকালের অংশে উত্থাপিত বিলগুলোর ওপর কোনো দফাওয়ারী সংশোধনী প্রস্তাব না থাকায় সরাসরি আলোচনা ছাড়াই বিলগুলো পাস হয়। সংশ্লিষ্ট মন্ত্রীদের উত্থাপনের পর বিলগুলো সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।
অন্তর্বর্তীকালীন সময়ে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিতভাবে, ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করেছে। বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি নতুন করে বিল আকারে আনার সুপারিশ করা হয়েছে।
পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষ, ব্যাংকিং ও আর্থিক খাত, শিক্ষা, পরিবেশ, ডাক ও টেলিযোগাযোগ এবং সামাজিক নিরাপত্তা বিষয়ক আইন। কিছু বিল নিয়ে বিরোধিতা ও সংশোধনী প্রস্তাব থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
এদিকে অধিবেশনের শেষভাগে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬’ও কণ্ঠভোটে পাস হয়, যার মাধ্যমে আজকের সংসদীয় কার্যক্রম শেষ হয়।
..