জামায়াতের অভিযোগে বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনের অনিয়ম খতিয়ে দেখবে ইসি

জামায়াতের অভিযোগে বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনের অনিয়ম খতিয়ে দেখবে ইসি
নির্বাচন কমিশন/ছবি : সংগৃহীত

৯ এপ্রিল ২০২৬

সমাচার রিপোর্ট : বগুড়া-৬ উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্ত করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার বিকেল প্রায় ৪টা ৪৫ মিনিটে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ কথা জানান। ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ পরই তিনি বলেন, উত্থাপিত অভিযোগগুলো খতিয়ে দেখা হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রতিবেদন চাওয়া হয়েছে।

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচন বর্জনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন আয়োজন করেছে কমিশন, বর্জনের সিদ্ধান্ত রাজনৈতিক দলের নিজস্ব বিষয়। এ বিষয়ে কমিশনের কোনো মন্তব্য নেই।

তিনি আরও বলেন, দিনভর ভোটগ্রহণ চলার পর শেষ মুহূর্তে কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জন করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি সংশ্লিষ্ট দলের রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবেই দেখছে কমিশন।

আখতার আহমেদ জানান, কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রতিবেদন প্রস্তুত করতে বলা হয়েছে এবং দ্রুত ফলাফল ঘোষণা করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এর আগে দুপুরে ঢাকার মগবাজারে সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামী বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণে গুরুতর অনিয়মের অভিযোগ তোলে।

সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্র থেকে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তিনি অভিযোগ করেন, কিছু কেন্দ্রে ভোট শুরুর আগেই প্রিসাইডিং কর্মকর্তারা ফলাফলের কাগজে এজেন্টদের স্বাক্ষর নিয়েছেন, যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।

তিনি প্রধান নির্বাচন কমিশনারের প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানান।

অন্যদিকে, বিকেল ৩টার দিকে শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তিনি দাবি করেন, সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়নি।

দলটির অভিযোগ, ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রকাশ্যে ব্যালটে সিল মারা ও ব্যালট বাক্স ভর্তি করার মতো ঘটনাও ঘটেছে বলে তারা দাবি করে। এ বিষয়ে প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলেও জানায় দলটি।

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::