নলছিটিতে স্কুল ফিডিংয়ে পচা কলা ও নিম্নমানের খাবার বিতরণ: ক্ষুব্ধ অভিভাবক

নলছিটিতে স্কুল ফিডিংয়ে পচা কলা ও নিম্নমানের খাবার বিতরণ: ক্ষুব্ধ অভিভাবক
সরকারি স্কুল ফিডিং: নিম্নমানের খাবারের অভিযোগ ঝালকাঠিতে/ছবিঃ মুহাম্মাদ আরিফুর রহমান রণি

৮ এপ্রিল ২০২৬

মুহাম্মাদ আরিফুর রহমান রণি-ঝালকাঠি : ঝালকাঠির নলছিটি উপজেলায় সরকারি স্কুল ফিডিং কর্মসূচির আওতায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পচা কলা ও নিম্নমানের খাবার বিতরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার পুরান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

নিম্নমানের এই খাবার শিশুদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলতে পারে—এমন আশঙ্কায় স্থানীয় অভিভাবকদের মধ্যে চরম উত্তেজনা ও অসন্তোষ বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে টিফিন চলাকালীন শিক্ষার্থীদের মাঝে কলা, ডিম ও রুটি বিতরণ করা শুরু হয়। এসময় কলার ঝুড়িতে থাকা অধিকাংশ কলাই ছিল পচা ও কালো দাগযুক্ত। বিষয়টি অভিভাবকদের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে খাবারগুলো জব্দ করেন এবং ক্ষোভ প্রকাশ করেন। শুধু কলাই নয়, সরবরাহ করা ডিম ও রুটির মান নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইরিন আক্তার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “কিছু কলা নষ্ট ছিল যা আমরা তাৎক্ষণিকভাবে শনাক্ত করেছি। বিষয়টি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে কঠোর সতর্কতা অবলম্বন করছি।”

​এদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার জানিয়েছেন, বিষয়টি তাদের নজরে এসেছে এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আশ্বস্ত করেন যে, ভবিষ্যতে খাবারের মান ঠিক রাখতে নজরদারি আরও জোরদার করা হবে।

​খাবার সরবরাহের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান, তারা স্থানীয় এজেন্টের মাধ্যমে কলা সংগ্রহ করেন। যারা নিম্নমানের খাবার সরবরাহ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে স্থানীয় সরবরাহকারী সজল ফকির নিজের দায় অস্বীকার করে বলেন, “প্রতিদিন প্রায় ১৪ হাজার কলা সরবরাহ করতে হয়। দীর্ঘ পথ পরিবহনের কারণে কিছু কলায় দাগ পড়া স্বাভাবিক।”

উল্লেখ্য, নলছিটি উপজেলার ১৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ হাজার ৭৫৪ জন শিক্ষার্থীর পুষ্টিমান নিশ্চিত করতে সরকারিভাবে এই ফিডিং কর্মসূচি চালু রয়েছে। তবে সংশ্লিষ্টদের অবহেলা ও তদারকির অভাবে এমন জনগুরুত্বপূর্ণ কর্মসূচির সুফল নিয়ে এখন জনমনে প্রশ্ন উঠেছে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::