আশ্রয়ণ প্রকল্পের টাকা লোপাট চেষ্টা: প্রাক্তন ইউএনও রুম্পা সিকদারের লঘুদণ্ড

আশ্রয়ণ প্রকল্পের টাকা লোপাট চেষ্টা: প্রাক্তন  ইউএনও রুম্পা সিকদারের লঘুদণ্ড
আশ্রয়ণ-২ প্রকল্পে অনিয়ম: সাবেক ইউএনও রুম্পা সিকদারের বেতন বৃদ্ধি ২ বছর স্থগিত/ছবি : ​​মুহাম্মাদ আরিফুর রহমান রণি

৮ এপ্রিল ২০২৬

​​মুহাম্মাদ আরিফুর রহমান রণি-ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলায় ‘আশ্রয়ণ-২’ প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, দায়িত্ব অবহেলা ও অসদাচরণের অভিযোগে উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদারকে শাস্তি প্রদান করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বর্তমানে বরিশাল সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত এই কর্মকর্তাকে লঘুদণ্ড হিসেবে আগামী ২ বছরের জন্য ‘বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত’ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

​গত ১ এপ্রিল (১৮ চৈত্র ১৪৩২) জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা-৫ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই শাস্তির আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, রুম্পা সিকদার ৮ জুলাই ২০১৯ থেকে ১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত নলছিটির ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১-২২ অর্থবছরে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মাটিভাঙ্গা (চর ষাটপাকিয়া) এলাকায় ১২৮টি ঘর নির্মাণের জন্য ১ কোটি ৪৫ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়।

​পরবর্তীতে বর্তমান ইউএনও মো. নজরুল ইসলাম সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখেন, ১২৮টি ঘরের মধ্যে ৫৫টি ঘরের কোনো অস্তিত্ব নেই বা নির্মাণ করা হয়নি। অথচ প্রকল্পের টাকা সাবেক ইউএনও রুম্পা সিকদার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতীর যৌথ স্বাক্ষরে আগেই উত্তোলন করা হয়েছিল।

তদন্তে উঠে আসে যে, রুম্পা সিকদার গৃহ প্রদান নীতিমালা-২০২০ অনুযায়ী কাজের মান নিশ্চিত করেননি এবং ৫৫টি ঘর নির্মিত না হওয়া সত্ত্বেও পুরো অর্থের চেকে স্বাক্ষর করেছেন। এমনকি বদলির সময় তিনি দাপ্তরিক নথিতে এই সংক্রান্ত কোনো তথ্য বা হিসাব লিপিবদ্ধ না করে চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন।

​প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এর ৩(খ) বিধি অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে এই বিভাগীয় শাস্তি দেওয়া হয়েছে।

​উল্লেখ্য, প্রকল্পের এই অনিয়ম ধরা পড়ার পর বরিশাল বিভাগীয় কমিশনারের কঠোর নির্দেশনায় ঘরপ্রতি ৩ লাখ ৪ হাজার টাকা ও পরিবহন ব্যয়সহ মোট ১ কোটি ৬৯ লাখ ৯৫ হাজার টাকা পরবর্তীতে বিজন কৃষ্ণ খরাতী সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা প্রদান করেন।

নোট: নলসিটির প্রাক্তন ইউএনও রুম্পা শিকদারের ফাইল ছবি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন।

..

Leave a reply

Minimum length: 20 characters ::