৭ এপ্রিল ২০২৬
মুহাম্মাদ আরিফুর রহমান রণি-ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি শহরের শ্মশানঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৬টি পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে আর্থিক অনুদান ও চাল বিতরণ করা হয়।
বিকেল সাড়ে ৫টায় জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে সহায়তার সরঞ্জাম তুলে দেন। এসময় প্রত্যেক পরিবারকে সাড়ে ৭ হাজার টাকার চেক এবং ৩০ কেজি করে চাল প্রদান করা হয়।
সহায়তা বিতরণকালে জেলা প্রশাসক বলেন, “অগ্নিকাণ্ডে যে ক্ষতি হয়েছে তা পুরোপুরি পূরণ করা সম্ভব নয়। তবে ক্ষতিগ্রস্তদের কষ্ট কিছুটা লাঘব করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই তাৎক্ষণিক উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার সব সময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও তাদের প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম
ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গতকাল (সোমবার) শহরের শ্মশানঘাট এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬টি বসতঘর ভস্মীভূত হয়। এতে পরিবারগুলো নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছিল। জেলা প্রশাসনের এই দ্রুত সহায়তায় ক্ষতিগ্রস্তদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
..